প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ২৭ আগস্ট : তৃণমূলের দলীয় কার্যালয় লক্ষ্য করে গুলি ও বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল উত্তর ২৪ পরগনার কামারহাটিতে। বোমার আঘাতে জখম হয়েছেন দুই মহিলা ও একটি শিশু সহ ৫ জন আহত হয়েছে। মদন মিত্রের খাসতালুকে বৃহস্পতিবার রাতে দুষ্কৃতীদের এই তাণ্ডবের জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। পরিস্থিতি থমথমে হয়ে ওঠে। এই ঘটনার জেরে শুক্রবারও পুলিশ পিকেট বসানো হয়েছে।
জানাগেছে, কামারহাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে দুয়ারে সরকার কর্মসূচির পরিকল্পনা চলছিল, সেই সময় পার্টি অফিস লক্ষ্য করে দু’রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। এরপরে এলোপাতাড়ি বোমাবাজি ও করা হয় বলে অভিযোগ। প্রত্যক্ষ দর্শীদের বক্তব্য, “একদল দুষ্কৃতী হঠাৎ করেই বাইকে করে আসে, তাদের মুখ ঢাকা ছিল। তারা পার্টি অফিসের সামনে এসে চমকাতে শুরু করে। এরপর হঠাৎ করেই গুলি চালাতে শুরু করে। সেই গুলির শব্দে পার্টি অফিসে ভেতরে থাকা দলীয় কর্মীরা ভয়ে ছুটোছুটি শুরু করে। সেই সময় বোমা মারতে মারতে পালিয়ে যায় দুষ্কৃতীরা।” কামারহাটি ফাঁড়ি থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত তৃণমূলের এই দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের এই তাণ্ডবে আতঙ্কিত এলাকাবাসী থেকে তৃণমূল কর্মী সকলেই। দুষ্কৃতীদের বোমার আঘাতে দুই মহিলা, শিশু সহ ৫ জন আহত হয়। আহতদের সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

এই দুষ্কৃতী তাণ্ডবের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে অঞ্চলজুড়ে। বোমাবাজির খবর পেয়ে ঘটনাস্থলে যায় বেলঘড়িয়া থানার বিশাল পুলিশবাহিনী। সেই সঙ্গে পরিস্থিতি খতিয়ে দেখতে কামারহাটি যান ব্যারাকপুরে পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ঘটনায় এখনো পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

