সার্ভিস রিভালভার থেকে গুলি! কর্তব্যরত বিএসএফের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য সীমান্তে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১২ ডিসেম্বর: সাতসকালে সীমান্তে কর্তব্যরত বিএসএফের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে রহস্য। মৃত্যুর কারণ নিয়ে ধন্দে পুলিশ। নিশ্চুপ বিএসএফের কর্মকর্তারা। সোমবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার কুমারগ্রাম বিওপি এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই বিএসএফ জওয়ানের নাম সুভাষ চান্দ (৪১)। বাড়ি দিল্লির উত্তর নগরে। তিনি বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের কুমারগ্রাম বিওপিতে কর্তব্যরত অবস্থায় ছিলেন। এদিন ভোরে কুমারগ্রাম বিওপির সীমান্ত এলাকা থেকে তার গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার হয়।

জানা গেছে, ওই বিএসএফ জওয়ান নিজের সার্ভিস রিভালবার দিয়েই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন। তবে মৃত্যুর সময় কর্তব্যরত অবস্থাতেই ছিলেন তিনি। এদিন সকালে এমন ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে যায় বিএসএফের ৬১ নম্বর ব্যাটেলিয়নের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও পতিরাম থানার ওসি৷ পরে পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠায়৷ তবে কি কারণে ওই বিএসএফ জওয়ান আত্মঘাতী হল তা নিয়ে ধন্দে সহকর্মীরা৷ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও বিএসএফ।

বিএস এফ ও পুলিশ সুত্রে জানা গেছে, ওই জওয়ান দীর্ঘদিন দিল্লিতেই কর্মরত থাকবার সুবাদে পরিবারের সঙ্গেই ছিলেন। গত কয়েক দিন আগে ব্যাটেলিয়নের অধীনে বদলি হয়ে আসেন। এরপর থেকেই তিনি মানসিক অবসাদে ভুগছিলেন। এদিন সকালে তার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়৷ বিষয়টি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সীমান্ত এলাকায়। এদিকে মৃতদেহটি ময়নাতদন্তের পরে হেলিকপ্টারে করে দিল্লি পাঠানোর ব্যবস্থা করছে বিএসএফ।

এলাকার বিধায়ক বুধরাই টুডু বলেন, মর্মান্তিক ঘটনা। সীমান্তে কর্তব্যরত অবস্থাতেই নিজের সার্ভিস রিভালভার থেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন ওই সেনা জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *