চলন্ত বাইক থেকে গুলি, আউশগ্রামে নিহত তৃণমূল নেতার ছেলে

আমাদের ভারত, পূর্ব বর্ধমান, ৭ সেপ্টেম্বর :
চলন্ত বাইক থেকে তৃণমূল নেতা ও তার ছেলেকে লক্ষ্য করে চললো গুলি। সেই গুলি লাগলো তৃণমূল নেতার ছেলের। হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই তৃণমূল নেতার ছেলেকে মৃত ঘোষণা করা হয়। পূর্ব বর্ধমানের আউশগ্রামের গেঁড়াইয়ের জঙ্গল সংলগ্ন ভাতকুন্ডা এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম চঞ্চল বক্সি (৪০)। তিনি আউশগ্রামের দেবশালা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান শ্যামল বক্সির ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুর নাগাদ আউশগ্রাম ২ ব্লকের গেঁড়াই এলাকায় তৃণমূল নেতা শেখ লালনের বাড়িতে গিয়ে খাওয়াদাওয়া করেন পঞ্চায়েত প্রধান শ্যামল বক্সি এবং তাঁর ছেলে। সেখান থেকে বাইকে চেপে ফিরছিলেন। বাইক চালাচ্ছিলেন প্রধানের ছেলে চঞ্চল বক্সি। হঠাৎ তাদের বাইককে ওভারটেক করে দুটি বাইক বেরিয়ে যায়। সেই বাইক দুটি থেকে শ্যামল বক্সিকে লক্ষ্য করে দুষ্কৃতীরা গুলি ছুঁড়তে শুরু করে। গুলির আঘাতে লুটিয়ে পড়েন শ্যামল বক্সির ছেলে চঞ্চল বক্সি। তাঁর হাতে পিঠে গুলি লাগে৷ খবর পেয়ে সেখানে ছুটে যায় তৃণমূল কংগ্রেসের কর্মীরা। চঞ্চল বক্সিকে জামতাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন৷

তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই গুলি চালিয়ে চঞ্চল বক্সিকে খুন করেছে। তৃণমূল কংগ্রেসের আউশগ্রাম ২ ব্লকের সভাপতি রামকৃষ্ণ ঘোষ অভিযোগ করে বলেন, গত বিধানসভা নির্বাচনে চঞ্চল বক্সির নেতৃত্বে তৃণমূল ওই অঞ্চলে প্রায় হাজার তিনেক ভোটে এগিয়ে ছিল, যেটা বিজেপির সহ্য হয়নি। সেই কারণেই এই খুনের ঘটনা।

বিজেপি নেতা শ্যামল রায় তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনায় বিজেপির কেউ যুক্ত নেই। তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই ঘটেছে। পুলিশ তদন্ত করলেই আসল সত্যি সামনে চলে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *