নীল বণিক,আমাদের ভারত, কলকাতা, ১২ এপ্রিল:
শীতল কুচির ঘটনার প্রভাব ভোটে পরবে না। সোমবার রাজারহাটে এই কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মানুষ ভোট দেওয়ার জন্য তৈরি, যারা ভোটের লাইনে দাঁড়িয়ে গন্ডগোল করে তাদের দিকে মানুষ তাকাবে না।
দিলীপবাবু বলেন, তৃণমূল সব জায়গায় হারতে চলেছে। তাই ভোটের লাইনে দাঁড়িয়ে অশান্তি করার চেষ্টা চালাচ্ছে। ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভয় দেখানোর কাজ করছে। শীতলকুচিতে এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন দিলীপ ঘোষ। মানুষ পঞ্চায়েত, পুরসভার ভোট দিতে পারেনি। বিধানসভায় ভোট দেওয়ার ব্যবস্থা করেছে কমিশন ও কেন্দ্রীয় বাহিনী। তাই এবারের ভোটে কোচবিহারের শীতলকুচির গুলি কান্ডের কথা মানুষ ভাবতে চাইছে না বলে জানিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি।
প্রসঙ্গত, শীতলকুচি গুলি কাণ্ডে ক্ষতিপূরণ ঘোষনা করছে তৃণমূল। কমিশনের শর্তসাপেক্ষ অনুমতি নিয়ে তৃণমূল নেতৃত্ব ক্ষতিপূরন দেওয়ার কথা জানিয়েছেন। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, শীতলকুচি গুলি কাণ্ডে ক্ষতিপূরণ দেওয়ার দায় তৃণমূলের। কারণ আমাদের কর্মীরা মারা গেলে আমরা ক্ষতিপূরণ দিয়েছি। মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শীতলকুচির ঘটনা ঘটিয়েছে তৃণমূল কর্মীরা। যার জন্য চারজন মানুষ প্রাণ হারিয়েছেন। তাই ক্ষতিপূরণ তৃণমূল দেবে এটাই স্বাভাবিক।

