শান্তিপুরে বিজেপির বুথ সভাপতির বাড়িতে গুলি, একটুর জন্য প্রাণে বাঁচল পরিবার

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ৩১ মে:
বিজেপির বুথ সভাপতির বাড়িতে গুলি ছুড়ল দুষ্কৃতিরা, একটুর জন্য প্রাণে বাঁচল পরিবার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে।

সূত্রের খবর, গতকাল আনুমানিক রাত এগারোটা নাগাদ বিজেপির বুথ সভাপতি হরি বিশ্বাস ঘরের ভিতরে পরিবারের অন্যদের সঙ্গে ঘুমোচ্ছিলেন। সেই সময়‌ কয়েকজন জানালা লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে কারোও গায়ে লাগেনি। জানালার পাল্লায় গুলি আটকে যায়। হরি বিশ্বাস বলেন, “এর আগেও আমার বাড়িতে বোমা মারা হয়েছিল। আমি এই এলাকায় বিজেপির বুথ সভাপতি। এবার বিধান সভার ভোটে ব্যাপক ভোটে লিড দিয়েছি তা দেখে শাসক দলের সহ্য হচ্ছে না। আমাকে ধমকে চমকে লাভ হবে না।

যদিও তৃণমূল শহর সভাপতি অরবিন্দ মৈত্র বলেন, এটা বিজেপি বিধায়ক জগন্নাথ সরকার ভোটে জেতার পর পদত্যাগ করার ফলেই গোষ্ঠী কোন্দলের ফল। যদিও বি জে পি মন্ডল-১ এর সভাপতি বিপ্লব কর বলেন, আমাদের ভিতরে কোনও গোষ্ঠী কোন্দল নেই। তবে কে প্রার্থী হবে তার জন্য তৃণমূলের নেতাকর্মীদের মধ্যেই গোষ্ঠী কোন্দল দেখা যাচ্ছে। আমরা যেহেতু শান্তিপুর বিধান সভায় পনের হাজারের একটু বেশি ভোটে জয়ী হয়েছি তাই উপ নির্বাচনে ক্ষমতা দখল করার জন্য শাসক দল এই ভাবে গুলি ছুড়ে, ইচ্ছা বোমা মেরে আমাদের বিজেপি কর্মীদের ভয় দেখাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *