প্রকাশ্য দিবালোকে শুট আউট, ইসলামপুরে মৃত ১ আহত ৩

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৩ মার্চ:
প্রকাশ্য দিবালোকে শুট আউটের ঘটনায় ব্যাপক আতঙ্ক ও উত্তেজনা ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরে। পারিবারিক অশান্তি মেটাতে সালিশি সভার টাকা না দেওয়ায় বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ দুষ্কৃতীদের। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় একজনের। আহত এক মহিলা ও এক শিশু সহ ৩ জন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আগডিমটিখন্তি গ্রামপঞ্চায়েতের বন্দিরাগছ এলাকায়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃত ব্যক্তির নাম মহম্মদ ফৈয়াল। ঘটনার পর থেকেই দুষ্কৃতীরা পলাতক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

চার মাস আগেই ইসলামপুর থানার আগডিমটিখন্তি গ্রামপঞ্চায়েতের বন্দিরাগছ এলাকায় মহম্মদ ফৈয়ালের পরিবারে একটি পারিবারিক বিবাদ ছিল। তা নিয়ে স্থানীয় পঞ্চায়েতে সালিশি সভাও বসে। সালিশি সভায় বেশকিছু টাকা জরিমানা ধার্য করা হয় মহম্মদ ফৈয়ালের পরিবারের উপর। বুধবার দুপুরে আচমকাই এলাকার পঞ্চায়েত সদস্য তাইমুল কিছু দুষ্কৃতী নিয়ে এসে মহম্মমদ ফৈয়ালের পরিবারের উপর হামলা চালায়। অভিযোগ, এলোপাথারি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হন মহম্মদ ফৈয়াল (২৪), নাসিম আখতার (১০) এবং রোশনি খাতুন (১৩)। গুলিবিদ্ধ আহতদের স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মহম্মদ ফৈয়ালকে মৃত বলে ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে বন্দিরাগছ গ্রামে। এই শুট আউট ঘটনার মূল অভিযুক্ত তাইমুল সহ দুষ্কৃতীরা সকলেই পলাতক। পুলিশ তাদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *