অনুব্রত মণ্ডলের সাময়িক দিল্লি যাত্রা আটকানোর পুরস্কার পেল শিবঠাকুর মণ্ডল, প্রধান হলেন তার স্ত্রী লিপিকা

আশিস মণ্ডল, আমাদের ভারত, বীরভূম, ১৯ আগস্ট: অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা করেছিলেন বীরভূমের দুবরাজপুর ব্লকের মেজে গ্রামের বাসিন্দা শিবঠাকুর মণ্ডল। যদিও বিরোধীদের দাবি, অনুব্রতর তিহার জেল যাত্রা আটকাতেই ওই তৃণমূল নেতাকে দিয়ে অভিযোগ করানো হয়েছিল। এবার সেই শিব ঠাকুরের স্ত্রী লিপিকা মণ্ডলকেই বালিজুরি পঞ্চায়েতের প্রধান পদে বসাল তৃণমূল।

দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের মোট ১৪টি আসনের মধ্যে ৭টি দখল করে তৃণমূল। ৬টি বিজেপি এবং ১টি নির্দলের দখলে যায়। পরে জয়ী নির্দল প্রার্থী শেখ সুকুর তৃণমূলে যোগদান করেন। ফলে ৮টি আসন পেয়ে বোর্ড গঠন করে তৃণমূল। বালিজুড়ি পঞ্চায়েতের প্রধান হিসেবে দলের তরফে নাম প্রস্তাব করা হয়েছে শিবঠাকুর মণ্ডলের স্ত্রী লিপিকার। সর্বসম্মতিক্রমে তিনি পঞ্চায়েত প্রধান হন। উপপ্রধান হিসেবে নাম প্রস্তাব করা হয়েছে সুনীল বাগদির। তিনিও এদিন শপথ নিয়েছেন বলে জানাগিয়েছে।

প্রসঙ্গত, গত বছরের ১৯ ডিসেম্বর দুবরাজপুর থানার মেজে গ্রামের বাসিন্দা বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডল থানায় একটি অভিযোগ দায়ের করেন। তার অভিযোগ, বিধানসভা নির্বাচনের সময় তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। এই খবর জানার পর অনুব্রত মণ্ডল চলতি বছরের মে মাসে দুবরাজপুর দলীয় কার্যালয়ে ডেকে তাকে হুমকি দেন। এমনকি খুনের উদ্দেশ্যে গলা টিপে ধরেন। সব শেষে শিবঠাকুর লেখেন অনুব্রত জেল বন্দি থাকায় থানায় অভিযোগ করার সাহস পেলাম। এই অভিযোগ পাওয়ার পরেই দুবরাজপুর থানা তড়িঘড়ি আদালতের মাধ্যমে অনুব্রত মণ্ডলকে আসানসোল জেল থেকে ২০ ডিসেম্বর সাতসকালে দুবরাজপুর থানায় নিয়ে আসে। কারণ ওইদিন সিবিআইয়ের মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার কথা ছিল। সেই দিল্লি যাত্রা আটকাতেই এই মামলা বলে বিরোধীরা অভিযোগ করেন। অনুব্রতর বিরুদ্ধে মামলা করে সংবাদ শিরোনামে এসেছিলেন শিবঠাকুর মণ্ডল। সেই মামলার জেরে অনুব্রতর দিল্লি যাত্রা কিছুটা পিছিয়ে যায়। পুরস্কার হিসাবে শিবঠাকুর মণ্ডলের স্ত্রীকে এবারের পঞ্চায়েত ভোটে দাঁড় করিয়েছিল তৃণমূল। তিনি জয়ীও হয়েছে। আর এবার বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে শপথ নিলেন সেই লিপিকা মণ্ডল।

প্রধান পদ শিবঠাকুরের কাছে নতুন কিছু নয়। ২০১৩ সাল থেকে ১৮ পর্যন্ত বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শিবঠাকুর মণ্ডল।
দুবরাজপুরের বিধায়ক বিজেপির অনুপ সাহা বলেন, “আমরা আগেই বলেছিলাম অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা আটকাতে শিবঠাকুরকে দিয়ে মামলা করানো হয়েছিল। এবার সেটাই প্রমাণ হল”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *