মমতাকে সব আসনে সমর্থন শিবসেনার, কেন্দ্রের সিদ্ধান্তে অখুশি রাজ্য শিবসেনা নেতৃত্ব

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ মার্চ: বাংলার ভোটে মমতা বন্দোপাধ্যায়কে সমর্থন শিবসেনার। বৃহস্পতিবার শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত এই কথা জানিয়েছেন। তিনি এক টুইট বার্তায় জানিয়েছেন বাংলায় আলাদাভাবে কোনও প্রার্থী দিচ্ছে না তার দল।
২৯৪টি আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে সমর্থন করবেন বাংলার শিবসেনার কর্মীরা।

প্রসঙ্গত, বাংলায় ১০০টির উপর আসনে প্রার্থী দেওয়ার তোড়জোড় শুরু করেছিল রাজ্য শিবসেনা। একাধিক জায়গায় বিক্ষুব্ধ বিজেপি কর্মীদের নিয়ে তারা সংগঠন গড়ে তুলেছিল বিগত এক বছর ধরে। আজ হঠাৎ সঞ্জয় রাউতের এই ঘোষণার পরে তড়িঘড়ি সন্ধ্যায় বৈঠকে বসছেন রাজ্য শিবসেনার নেতারা।

মমতা বন্দ্যোপাধ্যায়কে বাঘিনী বলে আজ সম্বোধন করেছেন সঞ্জয় রাউত। তাতেও ক্ষুব্ধ এরাজ্যের শিবসেনা কর্মীরা। রাজ্য শিবসেনার নেতাকর্মীরা চাইছিলেন তৃণমূলের সঙ্গে জোটের জন্য কথা বলুক কেন্দ্রীয় নেতারা। যদি জোট না হয় সেক্ষেত্রে একাই লড়তে প্রস্তুত ছিলেন এরাজ্যের শিবসেনার রাজ্য নেতারা। তবে এভাবে ওয়াকওভার রাজ্যের শিবসেনা নেতারা মানতে পারছেন না। এই প্রসঙ্গে রাজ্য শিবসেনা নেতা অশোক সরকারকে ফোন করা হলে তিনি বলেন এই মুহুর্তে আমরা কিছু বলবো না। যা বলার পরে বলব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *