পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১৯ মার্চ: আসন্ন বিধানসভা নির্বাচন’কে সামনে রেখে জোরকদমে প্রচারে নেমেছেন কেশপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শিউলি সাহা। বুধবার কেশপুরের ১১ নম্বর কলাগ্রাম অঞ্চলের থাউরি বুথ থেকে মন্দিরে পুজো দিয়ে তিনি তাঁর নির্বাচনী প্রচারের আনুষ্ঠানিক সূচনা করেন।

দলীয় সূত্রে জানা যায়, এদিন প্রথমে তিনি নিজের কেশপুর বিধায়ক কার্যালয়ে কর্মীদের সঙ্গে বৈঠক করেন। সেখানে সংগঠনের প্রস্তুতি, বুথভিত্তিক প্রচার এবং নির্বাচনী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এরপর বিকেল প্রায় চারটে নাগাদ স্থানীয় নেতৃত্বদের সঙ্গে নিয়ে তিনি কলাগ্রামের থাউরিতে পৌঁছন।

সেখানে মনসা ও শিব মন্দিরে পুজো দিয়ে আশীর্বাদ নেন শিউলি সাহা। পুজো শেষে এলাকার মহিলাদের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য মিছিলের আয়োজন করা হয়। মিছিল ঘিরে এলাকায় উৎসবের আবহ তৈরি হয়। পাশাপাশি একটি পথসভাও করেন তিনি, যেখানে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন।

ভাষণে তিনি জানান, ভোটার তালিকা সংশোধন (এসআইআর) ইস্যুই এবারের নির্বাচনে তাঁর অন্যতম প্রধান হাতিয়ার। পাশাপাশি রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, গত কয়েক বছরে তৃণমূল সরকারের হাত ধরে কেশপুরে একাধিক উন্নয়ন হয়েছে এবং আগামী দিনেও সেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
উল্লেখ্য, শিউলি সাহা ২০১৬ ও ২০২১ সালে পরপর দু’বার কেশপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়ে বিধায়ক হন এবং বর্তমানে রাজ্যের প্রতিমন্ত্রী পদেও রয়েছেন। এবারও তাঁকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, যা রাজ্যের মহিলা প্রতিনিধিত্ব বাড়ানোর বৃহত্তর কৌশলের অংশ বলেই মনে করা হচ্ছে।
আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী শিউলি সাহা বলেন, “মানুষ আমাদের কাজ দেখেছে। আবারও মানুষ আশীর্বাদ করবেন বলে আমি বিশ্বাসী।”

