আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১৭ মার্চ: তৃণমূল ত্যাগ না করে বা বিজেপিতে যোগ না দিয়েও শিশির অধিকারী আগামী ২৪ মার্চ কাঁথিতে প্রধানমন্ত্রীর সভায় যাবেন বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। আজ চন্ডিপুরে বিজেপির এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী মঞ্চ থেকে ঘোষণা করেন শিশির অধিকারী আগামী ২৪ তারিখ প্রধানমন্ত্রী সভায় যাবেন। তিনি আরও বলেন, শুধু প্রধানমন্ত্রী নয় যদি সম্ভব হয় ২১ তারিখে অমিত শাহের সভায় যাওয়ার জন্য তিনি শিশিরবাবুকে বলেছেন। অন্যান্য সভামঞ্চের মতই আজও সভা মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার ভাইপোকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী মমতার চণ্ডীপাঠ সহ বিভিন্ন মন্ত্র পাঠ নিয়ে তিনি কটাক্ষ করেন। সভা মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরের ভুলভাল বক্তব্যের কথাও তুলে ধরেন তিনি।

চন্ডিপুর বিধানসভার চন্ডিপুরে বিনয়কৃষ্ণ স্মৃতি ময়দানে এক জনসভার আয়োজন করে বিজেপি। বিজেপির চন্ডিপুর বিধানসভার প্রার্থী পুলক কান্তি গুড়িয়ার সমর্থনে জনসভায় প্রধান বক্তা ছিলেন শুভেন্দু অধিকারী এবং শমিক ভট্টাচার্য। এরপরে আরও তিনটি সভা করেন শুভেন্দু অধিকারী। তার মধ্যে দুটি উত্তর বিধানসভা এলাকায় একটি কাঁথি দক্ষিণ বিধানসভা এলাকায়।


