রাজেন রায়, কলকাতা, ২৯ আগস্ট: শেষ পর্যন্ত তৃণমূলেই ফিরে এলেন প্রয়াত সোমেন মিত্রের স্ত্রী এবং চৌরঙ্গীর প্রাক্তন বিধায়ক শিখা মিত্র। রবিবার দুপুরে সাংসদ মালা রায় প্রচার মাধ্যমকে জানান, শিখা মিত্র দলেই ছিলেন কিন্তু অনেকদিন রাজনীতির বাইরে ছিলেন এবার ৬ বছর বাদে ফিরে এলেন। এই সাথে আরও অনেকেই তৃণমূলে এলেন।
এই যোগদান অনুষ্ঠানে তৃণমূল ভবনে উপস্থিত ছিলেন চৌরঙ্গীর বর্তমান বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। মালা রায় বলেন, দল নেত্রীর নির্দেশে আমরা আজ এই যোগদান অনুষ্ঠান করছি।
শিখা মিত্র জানান, তিনি দলেই ছিলেন। তৃণমূল ছাড়া আর কোনও দল করেননি। তিনি বলেন, মান অভিমান থাকতেই পারে কিন্তু সোমেন মিত্র কংগ্রেসে ফিরলেও তিনি যাননি। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নিজেই ফোন করে প্রথমে সোমেনবাবুর প্রয়াণের বাৎসরিকের খবর নেন এবং তাঁকে দলে ফিরে আসতে বলেন। তিনি বলেন, মমতা একটি আন্দোলনের নাম, অনেক লড়াই করে আজ তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। প্রতিবাদের মুখ এবং আগামী দিনে তিনিই দিল্লির মসনদে বসার উপযুক্ত নেত্রী।

