সাথী দাস, পুরুলিয়া, ২ সেপ্টেম্বর: করোনা বিধি মেনেই পুজোর মুখে পুরুলিয়ার সাহেব বাঁধে ফের নামল প্রমোদ বিহারের জলযান ‘শিকারা’। কাশ্মীরের ডাল লেকের এই সুসজ্জিত জলযান পুরুলিয়ার জাতীয় সরোবরের তকমা পাওয়া সাহেব বাঁধে ফের ভাসতে শুরু হওয়ায় উৎসাহীদের যাতায়াত শুরু হয়েছে ‘শিকারা’ পয়েন্টে।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে পুরুলিয়া পুরসভার তৎকালীন চেয়ারম্যান শামিম দাদ খানের উদ্যোগে তিনটি সুসজ্জিত শিকারা সাহেব বাঁধের জলে ভাসতে শুরু করে। শুধু পুরুলিয়াবাসীর জন্যেই নয়, পর্যটকদের আকর্ষণ করতে এই ধরনের উদ্যোগ নেওয়া হয় বলে জানানো হয়। নূন্যতম টাকার বিনিময়ে শিকারার ভ্রমণের মনোরঞ্জন, বিনোদন করার সুযোগ করে দেয় পুরসভা। তার পর কোভিড পরিস্থিতির কারণে ২০২০-র ২৬ এপ্রিল থেকে টানা ‘শিকারা পয়েন্ট’ বন্ধ ছিল। সরকারি নির্দেশ পাওয়ার পর বৃহস্পতিবার সন্ধে থেকেই ভাসতে দেখা গেল ঐতিহ্যবাহী এই বিশেষ প্রমোদ বিহারের জল জান ‘শিকারা’। করোনা কালেও শিকারায় বসে সাহেব বাঁধের মনোরম দৃশ্য উপভোগ করেছেন অনেকেই।

পুরসভা সূত্রে জানা গিয়েছে, পিপিপি মডেলে শিকারাগুলি চলবে। নির্দিষ্ট সময়ের জন্য একটি মূল্য ধার্য করা হয়েছে। পাঁচ জনের জন্য ৩০ মিনিট সময়ের জন্য লাগবে ৩০০ টাকা। এক ঘণ্টার জন্য ৫০০ টাকা। প্রাথমিক ভাবে একটি শিকারা সুসজ্জিত অবস্থায় তৈরি করা হয়েছে।


