পিন্টু কুন্ডু, বালুরঘাট, ২৪ আগস্ট: সাধারণের বেশে দাঁড়িয়ে দিনভর পরিষেবা দিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান। দুয়ারে সরকার কর্মসূচতে চেয়ারম্যান নন, শহরের সাধারণ নাগরিক হিসেবে মানুষের সমস্যা দূর করতে রাস্তায় দাঁড়িয়েই শতাধিক মানুষের ফর্ম ফিলাপ করলেন। মঙ্গলবার বালুরঘাটের চকভৃগু নদীপার হাইস্কুলে চলা দুয়ারে সরকার কর্মসূচিতে খোদ পুরসভার চেয়ারম্যান শেখর দাশগুপ্তের এমন কর্মকান্ডে রীতিমতো তাজ্জব হয়েছেন অনেকেই।
এদিন সকালে ক্যাম্প শুরু হতেই পুরসভার কর্মীদের কাজকর্ম দেখতে সরজমিনে পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান শেখর দাশগুপ্ত। কিন্তু সেখানে প্রবেশের মুখেই কিছু মহিলা ও বয়স্ক মানুষদের ছোটাছুটি করতে দেখেন শেখরবাবু। জিজ্ঞাসা করতেই জানতে পারেন, তারা কেউই ফর্ম ফিলাপ করতে পারছেন না। আর এরপরেই শেখরবাবু দিনভর দাঁড়িয়ে শতাধিক বৃদ্ধ ও মহিলাদের ফর্ম ফিলাপ করে সমস্যা দূর করেন। সদ্য চেয়ারম্যানের পদে নিযুক্ত হওয়া শেখর দাশগুপ্তের এমন কাজ দেখে যথেষ্টই অবাক হয়েছেন শহরের মানুষ।
শেখর দাশগুপ্ত জানিয়েছেন, একজন সাধারন মানুষ হিসেবে তিনি ফরম ফিলাপ করে সহায়তা করেছেন। সকলের উচিত সকলের সাহায্যে এগিয়ে আসা।

