জয় লাহা, দুর্গাপুর, ৮ জুলাই: বয়স সেঞ্চুরি পার। তারুন্যকে হার মানিয়ে পায়ে হেঁটে বুথে এলেন শতায়ু ভোটার। রীতি মেনে ভোট দিলেন। দেশের নতুন প্রজন্মের কাছে ভোটদানে উৎসাহের নজির গড়লেন কাঁকসার হারাধন সাহা।
কাঁকসার সরস্বতীগঞ্জের বাসিন্দা হারাধন সাহা। বয়স ১০৪ বছর। শনিবার নাতিদের সঙ্গে নিজেই পায়ে হেঁটে ভোট কেন্দ্রে পৌঁছান। যদিও তাঁর লাইন দেওয়ার দরকার পড়েনি। বুথে যাওয়ার সঙ্গে ভোটদানের ব্যবস্থা করে দেন ভোট কর্মীরা। এদিন গ্রামের ২১৬ নং বুথে ভোট দিয়ে বেরিয়ে নিজের আঙ্গুল তুলে দেখিয়ে দেন এবং বলেন,
“১৯১৯ সালে জন্ম। আবারও ভোট দিলাম। গণতান্ত্রিক অধিকার। যতদিন বাঁচব ভোট দেব। চেষ্টা করব নিজে হেঁটে আসার।” শুধু ভোট দিতে যাওয়া ছাড়াও পায়ে হেঁটে বছর দুয়েক আগেও জমির চাষবাস দেখেছেন। তবে তাঁর মন এদিনও একটু ভারাক্রান্ত ছিল। হারাধনবাবুর ছেলে শিবনারায়ণ সাহা ২০০২ সালে বিজেপির হয়ে লোকসভায় প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। বছরকয়েক আগেই দেহ রেখেছেন শিবনারায়ণবাবু।

মহকুমা শাসক তথা দুর্গাপুর মহকুমার নির্বাচনের রিটার্নিং অফিসার সৌরভ চট্টোপাধ্যায় জানান, “আমরা অত্যন্ত খুশি শতায়ু ভোটার মহকুমায় রয়েছে। হারাধনবাবুর ভোটদান নতুন প্রজন্মকে উৎসাহ জোগাবে।”

