ফের বেসুরো শতাব্দী, বললেন সম্মান পাচ্ছেন না বলেই অনেকে দল ছাড়ছেন

আশিস মণ্ডল, রামপুরহাট, ৫ মার্চ: ফের বেসুরো বীরভূম সাংসদ তৃণমূলের শতাব্দী রায়। দলে থাকার আশ্বাস দিয়েও বিধায়ক, সাংসদরা সম্মান না পাওয়ায় দলত্যাগ করছেন বলে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন।

বেশ কিছুদিন ধরেই বেসুরো হয়েছিলেন শতাব্দী রায়। দলের সাংসদের মান ভাঙাতে উদ্যোগী হন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শেষ পর্যন্ত দলের রাজ্য সহ সভাপতির পদ দিয়ে আপাতত দলে রাখা হয়। সেই মুহূর্তে দলে থাকলেও শতাব্দীর দলত্যাগের জল্পনা হওয়ায় ঘুরছিল। এবার প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় শতাব্দীর উপস্থিতির জল্পনা ঘুরে বেড়াচ্ছে।

শুক্রবার সকালে তারাপীঠ পুজো দেন শতাব্দী রায়। পুজো দিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, “যারা দল ছেড়ে যাচ্ছেন নিশ্চয় তারা দলে সম্মান পাচ্ছেন না। সেটাও দলের নেতৃত্বের দেখা উচিত।” প্রধানমন্ত্রীর ব্রিগেড সভায় যাওয়ার বিষয় উড়িয়ে দিয়ে শতাব্দী বলেন, “দলের খারাপ সময়ে দল ছেড়ে যাওয়া উচিত হবে না। মমতা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হবেন। তার জন্য আমাকে সভা, রোড শো করতে হবে।” দলের খারাপ অবস্থায় পি কে অনেকটা হাল ধরেছে বলে মনে করেন বীরভূম সাংসদ। তিনি বলেন, “পি কে আসার ফলে সব কিছু রুটিন মাফিক চলছে। বিধায়ক, সাংসদ থেকে ব্লক সভাপতিদের নির্দিষ্ট রুটিন ধরে কাজ করতে হচ্ছে। এখন দলের অবস্থা অনেক ভালো হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *