সল্টলেক কাণ্ডে কড়া সমালোচনা এপিডিআর-এর

আমাদের ভারত, ২১ অক্টোবর: সল্ট লেক-কাণ্ডে কড়া সমালোচনা করল গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি (এপিডিআর)।

শুক্রবার এপিডিআর-এর সাধারণ সম্পাদক রঞ্জিত শূর এক প্রেস বিজ্ঞপ্তিতে লেখেন, “সরকার নির্ধারিত যোগ্যতা মান উত্তীর্ণ প্রার্থীরা চাকরি পাওয়ার ন্যায্য দাবিতে বিগত পাঁচশো দিন ধরে রাস্তায় আন্দোলন করে যাচ্ছিল। টাকার বিনিময়ে চাকরি বিক্রি করার দুর্নীতির দায়ে দুষ্ট তৃণমূল সরকার যোগ্যদের চাকরি দেওয়ার কোনো উদ্যোগ নেয় নি। এই অবস্থায় দ্রুত সমাধানের দাবিতে আন্দোলনকারীদের একটি অংশ গত ১৭ ই অক্টোবর থেকে নির্জলা অনশন শুরু করে।

এই গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন গত ২০ শে অক্টোবর রাতে অন্যায়ভাবে বলপূর্বক তুলে দেয় পুলিশ। গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি হামলা, মিটিং মিছিল করতে বাধা দেওয়া এই সরকারের সাধারণ রীতি হয়ে দাঁড়িয়েছে। এই রাষ্ট্রীয় সন্ত্রাসকে ধিক্কার জানাই। ২১ তারিখ সকালে আন্দোলনকারীদের মধ্যে নিখোঁজ হওয়া তিনজন বিধাননগর পূর্ব থানায় আটক আছে জানতে পেরে তাদের আইনি সাহায্য দেওয়ার উদ্দেশ্যে যাওয়ার পথে করুণাময়ী থেকে গ্রেফতার করা হয় এপিডিআর-এর কার্যকরী সভাপতি রাংতা মুন্সী সহ তিনজনকে।

এই গ্রেফতার অবৈধ, অগণতান্ত্রিক এবং গণতন্ত্রের লজ্জা। অবিলম্বে তাদের মুক্তির দাবি জানাই। এর সাথে সাথে ২১ তারিখ সরকারের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে আন্দোলনরত কর্মীদের সাথেও অভব্য অন্যায় আচরণ করে পুলিশ।

গ্রেফতার হওয়া সকলকে অবিলম্বে মুক্তি দিতে হবে। আন্দোলনকারীদের ন্যায্য দাবি টালবাহানা না করে অবিলম্বে মেটাতে হবে। মিটিং, মিছিল প্রতিবাদের গণতান্ত্রিক অধিকারের উপর পুলিশি হামলা অবিলম্বে বন্ধ করতে হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *