জলপাইগুড়ির ‘ভুয়ো’ নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তুনু শর্মার ফের ১৪ দিনের জেল হেফাজত

আমাদের ভারত, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর: জলপাইগুড়ির ‘ভুয়ো’ নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তুনু শর্মাকে বুধবার আবার জেল হেফাজতের নির্দেশ দিল জেলা আদালত। ১৪ দিন পর ১০ জানুয়ারি অভিযুক্তকে জেলা আদালতের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে তোলা হবে। অভিযুক্তের বিরুদ্ধে ‘ভুয়ো’ নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্র ছাত্রীর কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে।

১৯ সেপ্টেম্বর জলপাইগুড়ির পান্ডা পাড়ার ভুয়ো নার্সিং সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। এরপর সেন্টারের ছাত্রীরা প্রতারণার অভিযোগ জানায় কোতোয়ালি থানায়। তারপর থেকে অভিযুক্ত শান্তুনু শর্মা পলাতক ছিল। ১৩ ডিসেম্বর শান্তুনু আদালতে আত্মসমর্পণ করেন। এরপর পুলিশ দশ দিনের জন্য তাকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। ২৫ ডিসেম্বর পুলিশ হেফাজত থেকে শান্তুনুকে আদালতে তোলা হয়। অভিযুক্তের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেছিল, কিন্তু বিচারক জামিনের আবেদন নাকচ করে দুই দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন। আজ বুধবার দুদিন পর মূল অভিযুক্ত শান্তুনু শর্মাকে জেলা আদালতে তোলা হয়। এদিন আবারও অভিযুক্তের আইনজীবী অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন জানায়, কিন্তু বিচারক জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশে দিয়েছেন বলে জানান সহকারী সরকারি আইনজীবী প্রদীপ চট্টোপাধ্যায়।

অন্যদিকে শান্তুনুর পক্ষের আইনজীবী উজ্জ্বল চক্রবর্তী বলেন, “জামিনের আবেদন করা হয়েছিল।
জামিন নাকচ করেছেন বিচারক। দশ জানুয়ারি আবার তাকে জেলা আদালতে তোলা হবে।”

জেলা পুলিশ সুপার উমেশ খান্ডবহালে বলেন, ভুয়ো নার্সিং সেন্টার নিয়ে তদন্ত চলছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *