বালুরঘাটে আইনজীবী শেখর দাশগুপ্তকে তৃণমূলে ঢুকতে বাধা শঙ্কর অনুগামীদের, রাস্তায় দাঁড়িয়েই পতাকা তুলে দিল বিপ্লব ও গৌতম

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১ মার্চ: এক আইনজীবীর দলবদল’কে কেন্দ্র করে ধুন্ধুমার কান্ড বালুরঘাটে। বিধানসভা নির্বাচনের আগে দলে ঢুকতে না দেবার বার্তা দিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি শঙ্কর অনুগামীদের। সংবাদমাধ্যমের সামনে দল ছাড়ার হুঁশিয়ারি বালুরঘাট টাউন সভাপতির। সোমবার রাতে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরে। চলে দলীয় কার্যালয়ের সামনে কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও। ঝামেলার আঁচ করে দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করার সিদ্ধান্ত থেকে পিছু হঠেন পিকের টিম। পরে পরিস্থিতি বেগতিক বুঝে রাস্তার ধারে দাঁড়িয়েই আইনজীবী শেখর দাশগুপ্তের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা সভাপতি গৌতম দাস ও চেয়ারম্যান বিপ্লব মিত্র।

দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে তৃণমূলের সার্বিক চিত্র বিশ্লেষণের পর স্বচ্ছ মুখকে প্রার্থী করতে বালুরঘাটে বেছে নেওয়া হয় আইনজীবী শেখর দাশগুপ্তকে বলে দলীয় সূত্রের খবর। কংগ্রেস ঘরানার লোক হওয়া সত্ত্বেও কেন তাকে বেছে নিল পিকের টিম তা নিয়ে প্রশ্ন শঙ্কর অনুগামীদের। যার যোগদানের খবর ছড়িয়ে পড়তেই বালুরঘাটে দলীয় কার্যালয়ের সামনে ক্ষোভে ফেটে পড়েন শঙ্কর অনুগামীরা। দল ছাড়ারও হুঁশিয়ারি দেন তারা। পিকের টিমের দেওয়া নির্দেশিকা অনুযায়ী আইনজীবী শেখর দাশগুপ্তকে এদিন জেলা সভাপতি গৌতম দাস এবং চেয়ারম্যান বিপ্লব মিত্র জয়েন করাবার খবর শুনেই উত্তেজিত হয়ে ওঠেন শঙ্কর অনুগামীরা। আর যাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় জেলা তৃণমূল কার্যালয়ের সামনে। বাধ্য হয়ে জেলা প্রশাসনিক ভবনের সামনে রাস্তার ধারে দাঁড়িয়ে শেখর দাশগুপ্তের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের জেলা নেতৃত্বরা।

শেখর দাশগুপ্ত জানিয়েছেন, তাকে প্রার্থী করা হবে কি না তিনি জানেন না। তিনি তৃণমূলে যোগদান করেছেন।

তৃণমূলের টাউন সভাপতি শ্যামল লাহা জানিয়েছেন, শেখর দাশগুপ্তকে দলে নেওয়া হলে তিনি পদত্যাগ করবেন।

চেয়ারম্যান বিপ্লব মিত্র বলেন, দল যেমনটা নির্দেশ দিয়েছেন সেভাবেই জয়েনিং করানো হয়েছে। বিক্ষোভের ঘটনা অভিপ্রেত নয়।

জেলা সভাপতি গৌতম দাস জানিয়েছেন, রাজ্যের নির্দেশে তৃণমূলের পতাকা তুলে দেওয়া হয়েছে বিশিষ্ট আইনজীবীর হাতে। তাকে প্রার্থী করা হবে কি না তা দল সিদ্ধান্ত নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *