আমাদের ভারত, ১৮ অক্টোবর:
জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্ক তুঙ্গে থাকতে থাকতেই সৌদি আরবের মক্কায় শিব মন্দির আছে বলেও দাবি উঠল। তা নিয়ে আলোচনার দাবিও জানিয়েছেন পুরীর শংকরাচার্য স্বামী নিশ্চলানন্দ।
রবিবার রাজস্থানে হিন্দুরাষ্ট্র নিয়ে আলোচনা সভায় এই দাবি তোলেন স্বামী নিশ্চলানন্দ। যদিও এই দাবি যে এই প্রথম উঠল তা নয়। নিশ্চলানন্দজি নিজেই এর আগেও এই দাবি তুলেছেন। জ্ঞানবাপী বিতর্কের পরিবেশে স্বামী নিশ্চলানন্দের তোলা এই নতুন দাবি ঘিরে ফের আলোচনা শুরু হয়েছে।
রবিবার রাজস্থানে আয়োজিত হিন্দুরাষ্ট্র নিয়ে আলোচনা সভায় আমন্ত্রিত ছিলেন পুরীর শঙ্করাচার্য স্বামী নিশ্চলানন্দ। সেখানে তিনি বলেন, “কেবল জ্ঞানবাপী নিয়ে আলোচনা করলে হবে না। এবার আমাদের মক্কা নিয়েও কথা বলা উচিত। সেখানে মক্কেশ্বর মহাদেবের মন্দির রয়েছে।”
এখানেই অবশ্য থামেননি নিশ্চলানন্দ। তাঁর দাবি ভারত নিজেকে হিন্দুরাষ্ট্র বলে ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিশ্বের অন্তত ১৫টি দেশ নিজেদের হিন্দুরাষ্ট্র ঘোষণা করবে। পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দজির দাবি নেপাল, মরিসাস নিজেদের হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করতে রাজি।

