বিপ্লবেই ভরসা তৃণমূলের, বিধানসভার রণতরী পার করতে শঙ্করকে সরানো হল চেয়ারম্যানের পদ থেকে

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ জানুয়ারি: বিপ্লবেই আস্থা তৃণমূল সুপ্রিমোর। বিধানসভা নির্বাচনের আগে দলের শক্তি বৃদ্ধি করতে দক্ষিণ দিনাজপুরে জেলা তৃণমূলের চেয়ারম্যান পদে বসানো হল বিপ্লব মিত্রকে। একইসাথে বর্তমান চেয়ারম্যান তথা প্রাক্তন পূর্তমন্ত্রী শংকর চক্রবর্তীকে জেলার পদ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হল রাজ্য তৃণমূলের সহ-সভাপতি পদে। আগামীতে জেলা সভাপতি গৌতম দাস এবং চেয়ারম্যান বিপ্লব মিত্রের গুরু-শিষ্যের জুটি দলকে আরও এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলেই মনে করছেন জেলার রাজনৈতিক মহল।

প্রসঙ্গত, ২০১৯- এর লোকসভা ভোটে বালুরঘাট আসন হাতছাড়া হবার পরেই জেলা সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রকে। জেলা সভাপতির আসনে বসানো হয় অর্পিতা ঘোষকে। পরে নিজের মান বাঁচাতে বিজেপিতে যোগ দেন বিপ্লব। সময় বদলাতেই ফের তৃণমূল দলে ফেরেন তিনি। যদিও তার আগেই জেলা সভাপতি অর্পিতা ঘোষকে সরিয়ে সেই জায়গায় গৌতম দাস ও চেয়ারম্যান হিসাবে শঙ্কর চক্রবর্তীকে আনা হয়। যাদের দ্বারা সে অর্থে বিগত কয়েক মাসে কোনও সাংগঠনিক হাল ফেরেনি। বিধানসভা ভোটের আগে তলানিতে পৌছানো দলের সাংগঠনিক অবস্থা ফেরাতে মরিয়া হয়ে ওঠে তৃণমূল সুপ্রিমো। যার পরেই পিকের রিপোর্টের ভিত্তিতে সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে বিপ্লবের উপরই আস্থা রাখেন রাজ্য নেতৃত্ব। শুক্রবার সে হিসাবেই চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তীকে সরিয়ে বিপ্লব মিত্রকে সেই পদের দায়িত্ব দেওয়া হয়। এদিকে ভোটের প্রাক্কালে প্রাক্তন মন্ত্রী তথা জেলা তৃণমূলের চেয়ারম্যানকে তার পদ থেকে সরিয়ে দেওয়ায় শুরু হয়েছে জোর চর্চা।

বিপ্লব মিত্র জানিয়েছেন, সকলকে নিয়েই কাজ করবেন। অনেকে দলের প্রতি কিছুটা ক্ষুদ্ধ হয়েছিল তাদের নিয়ে আগামী নির্বাচনে লড়াই করে দলকে বিধানসভা জয়ের লক্ষ্যে পৌছে দেবেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *