সাথী দাস, পুরুলিয়া, ৬ ফেব্রুয়ারি: পুর ভোটে তৃণমূলের ভোট বাক্সে ব্যাপক ভাঙনের হুঁশিয়ারি দিলেন সদ্য তৃণমূল ছাড়া শামিম দাদ খান। একই সঙ্গে তৃণমূল সুপ্রিমোর ‘খেলা হবে’ স্লোগান তুলে দলত্যাগী শামিম দাদ খান সদলবলে কংগ্রেসে যোগ দিলেন। তাঁর লক্ষ্য বিজেপি নয়, পুরনো ঘর ঘাস ফুল শিবির। তাঁর কারণ হিসেবে বর্ষীয়ান এই নেতা বলেন, “যেখানে তিনটি ওয়ার্ড এগিয়ে শুরু করছি আমরা সেখানে ওই তিনটি ওয়ার্ড পিছিয়ে থাকছে তৃণমূল।”

প্রসঙ্গত, পুরুলিয়া পুরসভার ৮, ১৫ এবং ২২ নম্বর ওয়ার্ডে গেরুয়া ঝড়ে মান রেখেছিল। ওই তিনটি ওয়ার্ডে ব্যাপক সংখ্যক ভোটে এগিয়ে থাকে জোড়া ফুল। সেই তিনটি ওয়ার্ডে সাফল্যের নায়ক ছিলেন তৎকালীন চেয়ারম্যান শামিম দাদ খান, তাঁর ছেলে কাউন্সিলার সোহেল দাদ খান। তিনটি ওয়ার্ডে তাঁদেরই এবার টিকিট দেয়নি তৃণমূল। আর এতেই ক্ষুব্ধ হন শামিম দাদ খান তাঁর অনুগামী ও বিশাল সংখ্যক কর্মী সমর্থক। পুরুলিয়া জেলা কংগ্রেস কার্যালয়ে সভাপতি নেপাল মাহাতো তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন। আর তার পরই তৃণমূলের বিরুদ্ধে তোপ দাগেন তিনি। একই সঙ্গে তিনি জানিয়ে দেন, শাসক দলের কোনও চাপের কাছে নতি স্বীকার করবেন না, জনগণের চাপের কাছে আত্মসমর্পণ করছেন তিনি।

এদিকে, কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো বলেন, “বিজেপি ও তৃণমূলের বিকল্প কংগ্রেসকেই বেছে নিতে চাইছেন পুরুলিয়ার মানুষ। আর তাই, বিজেপি ও তৃণমূল থেকে আস্থা হারিয়ে আমাদের দলে আসছেন।”
আজ কংগ্রেস ভবনের ওই মঞ্চেই তৃণমূল কংগ্রেসের ১০ নং ওয়ার্ডের সভাপতি নিরঞ্জন মিশ্র, যুব তৃণমূলের জেলা সাধারণ সম্পাদক শাকিল খান, শিক্ষক নেতা পার্থ সারথি দাস এবং বিভিন্ন ওয়ার্ডের বেশকিছু তৃণমূল নেতা কংগ্রেসে যোগ দেন।

