আমাদের ভারত, ৪ নভেম্বর: হিন্দু সেনা নামে একটি হিন্দুত্ববাদী সংগঠনের করা মামলায় তাজমহলের নির্মাণ ইতিহাস নিয়ে ফের প্রশ্ন উঠলো। এবার বিষয়টি খতিয়ে দেখার জন্য ভারতীয় পুরাতাত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট।
অভূতপূর্ব স্থাপত্যের জন্য তাজমহল বিশ্ব বিখ্যাত। আন্তর্জাতিক স্তরে ভারতের পরিচয় স্থাপন করেছে এই তাজমহল। গোটা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম জনপ্রিয় স্মৃতিসৌধ এটি। সেই তাজমহলকে এর আগেও বেশ কয়েকবার হিন্দুদের বলেই দাবি করেছেন বেশ কিছু হিন্দুত্ববাদীরা। তোজো মহালয়া বা হিন্দু মন্দির বলে দাবি করা হয়েছে তাজমহলকে।
এবার হিন্দু সেনা নামে একটি সংগঠন দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন। মামলার আবেদনে বলা হয়েছে এখনকার তাজমহল আসলে হিন্দু রাজা মান সিংয়ের প্রাসাদ ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান কেবল তার সংস্কার করেছিলেন। তাদের দাবি, ইতিহাস বইয়ে উল্লেখ করা তাজমহল নির্মাণের তথ্য সম্পূর্ণ ভুল। অবিলম্বে ভুল সংশোধন করতে হবে। হিন্দু সেনার আর্জি, এর জন্য এএসআই এবং উত্তর প্রদেশ সরকারকে নির্দেশ দিক আদালত।
হিন্দু সেনা সংগঠনের দায়ের করা মামলায় বলা হয়েছে, ১৬৩২ থেকে ১৬৩৮ সালের সময়কালে রাজা মান সিংয়ের প্রাসাদের সংস্কার করেছিলেন শাজাহান, যা আজকের তাজমহল। পাদশাহনামা গ্রন্থে এর উল্লেখ রয়েছে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশ চন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলারের বেঞ্চে এই মামলা ওঠে। শুনানির পর দুই বিচারপতির বেঞ্চ বিষয়টি বিবেচনার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছে।

