আমাদের ভারত, হুগলি, ১৬ ডিসেম্বর: এসএফআই ও টিএমসিপির মধ্যে মারামারির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়াল। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে উত্তরপাড়া থানার উত্তরপাড়া স্টেশন রোড এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কলেজ নির্বাচন, কলেজের ভর্তি ফি কমানো সহ একাধিক দাবিতে এসএফআই একটি মিছিল করছিল উত্তরপাড়া স্টেশন থেকে উত্তরপাড়া কলেজ পর্যন্ত। সেই মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় উত্তরপাড়া প্যারীমোহন কলেজের সামনে। পূর্ব ঘোষণা মত এদিন এসএফআই কর্মীরা একাধিক দাবিতে উত্তরপাড়া স্টেশন থেকে কলেজের সামনে পর্যন্ত মিছিল করে একটি সভা করার কথা ছিল। অভিযোগ, সেই সভা মঞ্চ ভেঙ্গে দেয় তৃণমূল ছাত্র পরিষদের কিছু সদস্য। পাশাপাশি এসএফআই কর্মীদের ওপর হামলা চালায় বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল ছাত্র পরিষদের তরফে জানানো হয়, এসএফআই কর্মী-সমর্থকরাই তাদের দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্ল্যাগ ছিঁড়ে দেয় এবং তাদের ছাত্র-ছাত্রীদের মারধর করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর পাড়া থানার পুলিশ। পুলিশের সামনেই চলে মারধর। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দুই পক্ষেরই বেশ কয়েকজন কর্মী সমর্থক আহত হয়েছে বলে খবর।
এসএফআইয়ের স্থানীয় নেতাদের অভিযোগ, তারা মিছিল করে কলেজের দিকে যাচ্ছিলেন। সেই সময়ে তৃণমূল ছাত্র পরিষদের নেতারাই তাদের উপর আক্রমন চালিয়েছেন। এই ঘটনায় তাদের বেশ কয়েকজন আক্রান্ত হয়েছেন। পুলিশ জানিয়েছে, একটা গোলমাল শুরু হয়েছিল। কিন্তু, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে।

