বিশেষ সংবাদদাতা, আমাদের ভারত, ১৫ অক্টোবর: বাংলাদেশ অন্তত ১০০ দুর্গাপূজার মণ্ডপে হামলার ঘটনায় প্রতিবাদ জানাল এসএফআই। শুক্রবার সামাজিক মাধ্যমে এই প্রতিবাদ জানিয়েছে এসএফআই।
রঙিন প্রেক্ষাপটে বড় হরফে লিখেছে “বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উৎসবে মৌলবাদী তান্ডবকে
ধিক্কার…!! এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।”
সংগঠনের রাজ্য সভাপতি প্রতিকূর রহমান লিখেছেন, “সাপ একটাই–কোথাও তার নাম চাঁদ, শাঁখামুঠি কোথাও পদ্ম গোখরো। দাঙ্গাবাজের একটাই ধর্ম হিংস্রতা, সে ভারতে হোক আর বাংলাদেশে হোক।”
“বাংলাদেশের দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে। অন্তত ১০০টি পূজা মন্ডপ, প্রতিমা ভাঙ্গচুর হয়েছে। এই বর্বরোচিত আক্রমণের বিরুদ্ধে সাথে সাথে পথে নেমেছে সেখানকার বামপন্থীরা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সহ বাম ছাত্র সংগঠনও এই লড়াইতে সামিল। হাসিনা সরকারও গ্রেপ্তার করছে আক্রমণকারীদের। হামলাকারীরা ‘সরকারি মদত’ পায়নি। এই দাঙ্গাবাজরা হলো সেই শক্তি যারা বাংলাদেশ স্বাধীনতার সময় পাকিস্তানের হয়ে ওপার বাংলার মানুষের ওপর নির্মম অত্যাচার নামিয়েছিল। এরা এখনো বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংস করতে উদ্যত।”
“এই সময় আমাদের ভারতীয় উপমহাদেশে সংখ্যালঘু অধিকার খর্বকারী সব ধরনের সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করতেই হবে। দরকার ঐক্যবদ্ধ লড়াই।“
প্রতিকূরের এই পোস্ট ফেসবুকে শেয়ার করেছেন চলচ্চিত্র পরিচালক অণীক দত্ত।

