শ্রীরামপুরে একটি বেসরকারি কারখানায় গ্যাস লিক করে অসুস্থ একাধিক কর্মী

আমাদের ভারত, হুগলি, ২৪ আগস্ট: একটি বেসরকারি সংস্থার খাদ্য সামগ্রী প্যাকিং করার সময় গ্যাস লিক করে কর্মীরা অসুস্থ হয়ে পড়লে আতঙ্ক ছড়ায়। বুধবার ঘটনাটি ঘটেছে শ্রীরামপুর থানার দিল্লি রোড লাগোয়া একটি কারখানায়। অসুস্থদের উদ্ধার করে শ্রীরামপুরের ইএসআই হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে কয়েকজন মহিলাও আছেন বলে খবর। ঘটনার খবর পেয়ে হাসপাতালে হাজির হন বিধায়ক অসীমা পাত্র ও অরিন্দম গুঁই।

সূত্রের খবর, কারখানার টিফিন টাইমে তারা একসঙ্গে ছিলেন। ওই সময় কোনও এক কর্মী অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে যাচ্ছিলেন। অসাবধানতার কারণে সিলিন্ডারে থাকা কার্বন ডাই অক্সাইড লিক করায় মুহূর্তের মধ্যে গ্যাস ছড়িয়ে পড়ে। তাতেই অনেকে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতাল সূত্রে খবর, অসুস্থরা সকলেই ভালো আছেন।

চাঁপদানির বিধায়ক অরিন্দম গুই বলেন, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, যাতে আগামী দিনে এই ধরনের ঘটনা না ঘটে। তার জন্য সংস্থার সঙ্গে কথা বলবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *