স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ৯ মে:
কালবৈশাখী ঝড় ও তার সাথে বজ্র-বিদ্যুৎসহ প্রবল বৃষ্টিতে তছনছ চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন
গ্রাম। প্রবল ঝড় আর বৃষ্টির কারণে রবিবার সকালে চাকুলিয়ার কালারাম, হাটওয়ার, মনোড়া ও গোয়ালপোখর ব্লকের ফুলবাড়ি, সাহাপুর সহ কয়েকটি এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কালবৈশাখী ঝড়ের তান্ডবে ঘরের টিন উড়ে যাওয়ার পাশাপাশি একাধিক গাছ ভেঙ্গে পড়ে।

রবিবার সকাল থেকে রৌদ্রজ্বল ঝলমলে দিন শুরু হলেও আচমকাই বেলা সাড়ে দশটা নাগাদ আকাশ ঘন কালো মেঘে ঢেকে যায়। নিকশ কালো অন্ধকারে ঢেকে যায় গোটা উত্তর দিনাজপুর জেলা। এরপরই শুরু কালবৈশাখী ঝড়ের তান্ডব আর তার সাথে শুরু হয় বৃষ্টি। ওই কালবৈশাখীর ঝড়ের তান্ডবে উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া ও গোয়ালপোখর ব্লকের বিভিন্ন গ্রামে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পড়ে যায় গাছ। ঝড়ের দাপট এতটাই ছিল যে ঘরের টিনের ছাদকে উড়িয়ে দেয়। খোলা আকাশের নিচে দিন যাপন করছে ওই সব এলাকার মানুষরা। দেখা নেই স্থানীয় প্রশাসনের বলে অভিযোগ গ্রামবাসীদের।


