রানাঘাটে ব্যস্ততম বাজারের বেশ কয়েকটি দোকানে আগুন, ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২৭ জানুয়ারি: রানাঘাটে ব্যস্ততম সেন মার্কেটে ভয়াবহ আগুন। আগুনের গ্রাসে জুতোর গোডাউন, জামা কাপড় সহ একাধিক দোকান। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য নদিয়ার রানাঘাটের পৌরসভা সংলগ্ন সেন মার্কেটে।

রানাঘাটের পৌরসভার সংলগ্ন সেন মার্কেটে সকাল থেকে হাজার হাজার ক্রেতা বিক্রেতাদের সমাগম ঘটে। বৃহস্পতিবার হঠাৎ একটি জুতার কারখানায় আগুন লাগে বলে জানা যায়। সেই আগুন নিমেষেই বড় আকার ধারণ করে পাশের দুই-তিনটি দোকানে ছড়িয়ে পড়ে। উত্তেজনা সৃষ্টি হয় গোটা বাজার জুড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাস্থলে আসে রানাঘাট থানার পুলিশ।

প্রাথমিকভাবে রানাঘাট পৌরসভা এবং স্থানীয় মানুষ ও দমকলের সহায়তায় আগুন নেভানোর কাজ শুরু হয়। পরে আরও দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকল কর্মী এবং স্থানীয়দের প্রচেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ব্যবসায়ীদের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ লক্ষ টাকা। দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটের ফলেই এই আগুন লেগে থাকতে পারে। তবে কি কারনে এই আগুন আর এই ঘটনার জেরে নগদ কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা পরবর্তীকালে তদন্ত করে জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *