আমাদের ভারত, আলিপুরদুয়ার, ২৪ ফেব্রুয়ারি: রাজনৈতিক কর্মকান্ডে থাকতে গিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের মামলা রয়েছে বিজেপি নেতাকর্মীদের বিরুদ্ধে।সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে পুরনো সব মামলায় আইনি সমস্যায় পড়তে হতে পারেন নেতা কর্মীদের। এমন পরিস্থিতিতে পুলিশি গ্রেফতারি এড়াতে জামিন নিলেন বিজেপি নেতা থেকে জনপ্রতিনিধিরা। যাদের মধ্যে দুজন বিধায়কও রয়েছেন। আছেন বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। বুধবার আলিপুরদুয়ার আদালত থেকে জামিন নিতে এসেছিলেন বিজেপির জেলা সভাপতি। ছিলেন রাজ্য বিধানসভার বিজেপির পরিষদীয় দলনেতা মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গা, কালচিনির বিধায়ক উইলসন চম্প্রামারি। এছাড়াও বেশকিছু ছোট-বড় মাপের বিজেপি নেতা কর্মীদেরও দেখা যায় আদালত চত্ত্বরে।

প্রাথমিকভাবে জানা গেছে, এদিন, জামিন নিয়েছেন ২৫ জনেরও বেশি বিজেপি নেতা ও কর্মী। যদিও গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, “রাজ্যে দুইরকম আইনের শাসন চলছে। একটি তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের জন্য অন্যটি বিরোধীদের জন্য। কারণ একইরকম রাজনৈতিক কার্যকমের জন্য শাসকদলের নেতাদের বিরুদ্ধে কোনও মামলা না হলেও আমাদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে। শাসক দল তৃণমূল কংগ্রেসের অঙ্গুলি হেলনে পুলিশ আমাদের ওপর একের পর এক মিথ্যা মামলা দায়ের করেছে। তাই গত কয়েকদিন থেকেই আমাদের দলের নেতা-কর্মীরা আদালত থেকে জামিন নিচ্ছেন। দলীয় কাজ বাদ দিয়ে জামিন নিতে হচ্ছে।”

অন্যদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, “আইনের ঊর্ধ্বে তো কেউ নন। তাই কথায় কথায় আইন হাতে তুলে নিলে তো তার মাশুল গুনতেই হবে। বিজেপি ঠিক কি ধরনের রাজনীতিতে বিশ্বাস করে তা মানুষ দেখছে। আইন আইনের পথেই চলছে।”

