দুই দিনের টানা বৃষ্টিতে প্লাবিত রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকা

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২০ অক্টোবর: দুই দিনের টানা বৃষ্টিতে প্লাবিত রায়গঞ্জ শহরের বেশ কয়েকটি এলাকা। অতিভারী বৃষ্টিতে শহরে বেশ কয়েকটি ওয়ার্ডে জল দাঁড়িয়ে পড়েছে। কোনও কোনও এলাকায় বৃষ্টির জল ঘরে ঢুকে পড়ায় চরম সমস্যায় পড়েছেন রায়গঞ্জের বেশ কিছু এলাকার বাসিন্দারা। মূলত রায়গঞ্জ শহরের বিদ্রোহী মোর সংলগ্ন এলাকা, বীরনগর, দেবীনগর, শক্তিনগর, অশোক পল্লী, নেতাজি পল্লী, কলেজপাড়া, রমেন্দ্রপল্লী,পূর্বাশা পাড়া, পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় জল জমে গিয়েছে। ফলে চরম সমস্যার মুখে পড়েছেন এলাকার বাসিন্দারা।

লক্ষ্মী পুজোর দিনে এমন প্রাকৃতিক দুর্যোগে সমস্যায় ক্রেতা থেকে বিক্রেতা সকলেই। স্থানীয় বাসিন্দা শ্যামল চক্রবর্তী বলেন, আগে এমন কখনো জল জমেনি। এই নিম্নচাপের বৃষ্টিতে জল জমায় সমস্যার মুখে পড়েছি। গৃহবধু পূজা দেবনাথ বলেন, ঘরে জল ঢুকে যাওয়ায় ছোট বাচ্চা নিয়ে খুব আতঙ্কের মধ্যে আছি। জিনিসপত্র নষ্টের পাশাপাশি সাপ, পোকা মাকড়ের আতঙ্কে রয়েছি।

রায়গঞ্জ পৌরসভার উপ পৌরপতি অরিন্দম সরকার বলেন, আগের পৌরবোর্ড ঠিকমতো মাস্টারপ্ল্যান না করায় শহরে জল জমছে। আমরা ক্ষমতায় আসার পরে দীর্ঘদিন ধরে জল নিকাশি ব্যবস্থার আরো উন্নতি করার চেষ্টা চালাচ্ছি। আশা করি খুব শীঘ্রই এই সমস্যা মিটে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *