বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা, পৌরসভার নিকাশী ব্যবস্থাকে দায়ী করলেন এলাকবাসী

পার্থ খাঁড়া
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ আগস্ট:
রবিবার ভোর রাত থেকে হওয়া বজ্রপাত সহ ভারী বৃষ্টিতে জলমগ্ন ঘাটালের একাধিক এলাকা। শুরু হয় ঘাটাল মহকুমার একাধিক জায়গায়। ঘাটাল পৌরসভার ১৩/১৫/১৬/১৭ নম্বর ওয়ার্ডের একাধিক রাস্তা জলে ডুবে গেছে। ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম, বিদ্যাসাগর স্কুল মাঠ জলে থৈ থৈ করছে। যদিও এই পরিস্থিতির জন্য বৃষ্টি নয় পুরসভাকেই দায়ী করছেন সাধারণ মানুষ। তাঁরা জানিয়েছেন পৌর এলাকায় নিকাশি নালার বেহাল দশাই এই অবস্থার জন্য দায়ী। পুরবাসীদের অভিযোগ, দিনের পর দিন অবহেলিত হয়ে আসছে নিকাশি ব্যবস্থা।

১৫ নম্বর ওয়ার্ডের অরূপ ঘোষ নামে এক ব্যবসায়ী জানান, বর্ষাকালে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, যেটা অস্বাভাবিক সেটা হল বর্ষাকাল আসছে জেনেও নিকাশি ব্যবস্থার কোনও সংস্কার না করা। আর যার কারণে দুর্দশার মধ্যে পড়তে হচ্ছে এলাকাবাসীদের।

এদিকে হঠাৎ বৃষ্টিতে শিলাবতী, কেঠে, ঝুমি প্রভৃতি নদী ও খালগুলিও জলে ভরে গেছে। বাড়ছে জলস্রোত। বহু জায়গায় সংস্কারের অভাবে নদীতে ব্যাপক কচুরিপানা জমে রয়েছে। জলের তোড়ে সেই কচুরি পানা ভেসে গিয়ে বাধা পাচ্ছে বিভিন্ন বাঁশের সাঁকোগুলিতে। ঘাটালের মনসুকা এলাকায় ঝুমি নদীর ওপর থাকা সেরকমই থাকা একটি বাঁশের সাঁকো ভেঙে যাওয়ায় অসুবিধার মধ্যে পড়েছেন দুই পাড়ের মানুষ। ঝুঁকি নিয়ে নদী পারাপার করতে হচ্ছে তাঁদের।

অন্যদিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে জমেছে জল। জল পেরিয়েই যাতায়াত করতে হচ্ছে রোগীর আত্মীয় থেকে স্বাস্থ্য কর্মীদের। প্রায় একই অবস্থা ঘাটাল মহকুমার অন্যান্য ব্লকগুলিতেও। চন্দ্রকোনা ১ ব্লকের নিচন্যা গ্রামে জল ঢুকেছে বাড়ি ও দোকানে, জল থৈ থৈ খেলার মাঠ, জমি। চন্দ্রকোনা ২ ব্লকের কদমতলা এলাকায় জলে ডুবে গেছে দেকান ও রাস্তা ঘাট। ইতিমধ্যেই ঘাটাল পৌর এলাকার একাধিক ওয়ার্ড জলমগ্ন হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। সব কিছু মিলিয়ে চুড়ান্ত ভোগান্তির শিকার সাধারণ মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *