টানা বৃষ্টিতে জলের তলায় বর্ধমান পুরসভার বেশ কিছু এলাকা

আমাদের ভারত, বর্ধমান, ৩০ জুলাই: লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত বর্ধমান। বর্ধমান পৌরসভা এলাকার বেশ কিছু ওয়ার্ড এখনও পর্যন্ত জলের তলায় রয়েগেছে। শুক্রবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওইসব এলাকার মানুষদের হাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল তুলে দেওয়া হয়। সোমবার থেকে দফায় দফায় বৃষ্টিপাত ও নিম্নচাপের জেরে পূর্ব বর্ধমান জেলায় মানুষজন সমস্যায় পড়েছেন।

বর্ধমান শহরের ১, ২, ৩, ৪, ৯, ১০, ১১, ১৯, ২০, ২১, ২৫ ও ২৬ নং ওয়ার্ডের বিস্তির্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় এক কোমর জল দাঁড়িয়ে যায়। প্রচুর মানুষের ঘরে জল ঢুকে গেছে। পরিস্থিতি এমনই ঘরের মেঝে থেকে গামলা করে বাইরে জল ফেলতে হচ্ছে। শুক্রবার শহরের ১১, ১২, ১৭ ও ১৯ নম্বর ওয়ার্ড এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলির হাতে খাদ্য সামগ্রী এবং ত্রিপল তুলে দেয়।

অন্যদিকে পুরসভার ৫ নং ওয়ার্ডের দুবরাজদিঘি, ঘোষপাড়া, আলু ডাঙা সহ বিভিন্ন এলাকায় বৃষ্টির জল ঢুকে যাওয়ায় মানুষজন বাইরে বেরতে পারছেন না। ওই সমস্ত এলাকায় যাদের কাঁচা মাটির বাড়ি আছে তাদের পরিবারের হাতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ত্রিপল ও খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এদিন ওইসব এলাকা পরিদর্শন করতে যান বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস। সঙ্গে ছিলেন আইএনটিটিইউসির জেলা সভাপতি ইফতিকার আহমেদ সহ অন্যান্যরা।

ইফতিকার আহমেদ বলেন, প্রচন্ড বৃষ্টির জেরে মাঠপাড়া, ঘোষপাড়া, আলুডাঙা সহ বিভিন্ন জায়গা ডুবে গেছে। আমরা স্থানীয় স্কুলগুলিতে মানুষের থাকার ব্যবস্থা করেছি। তাদের প্রয়োজনমতো ত্রিপল দিয়ে থাকা খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।

যুব তৃণমূলের জেলা সভাপতি রাসবিহারী হালদার বলেন, এ দিন ক্ষতিগ্রস্ত এলাকাগুলি পরিদর্শন করা হয়েছে। বাঁকা সংলগ্ন যে সমস্ত বাড়িঘর আছে সেই সমস্ত বাড়িতে জল ঢুকে গেছে। এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। ফলে সেখানকার মানুষজন খুব সমস্যার মধ্যে পড়েছেন। ওইসব পরিবারের হাতে খাদ্য সামগ্রী ও ত্রিপল তুলে দেওয়া হয়েছে। তাদের যাতে কোনও অসুবিধায় পড়তে না হয় সে দিকে আমাদের নজর আছে। আমরা যথাসম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *