জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৪ আগস্ট: বন্যা আতঙ্কে বেলদা থানার বড়পালের বাসিন্দারা আশ্রয় নিয়েছেন ক্লাব ঘরে।আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গত দুদিন ধরে অতিবৃষ্টির ফলে জলমগ্ন হয়েছে রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্ত। পশ্চিম মেদিনীপুরেও প্লাবিত হয়েছে বিভিন্ন ব্লকের বিস্তীর্ণ এলাকা। বেলদার বড়পাল এলাকায় অতিবৃষ্টির ফলে বাঘুই খালের জলে জলমগ্ন হয়েছে বড়পাল সহ আরও তিনটি গ্রাম। যেকোনো সময় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে সেই আতঙ্কে মাটির ঘর ছেড়ে স্থানীয় ক্লাব ও স্কুল ঘরে আশ্রয় নিয়েছে বড়পাল এলাকার বাসিন্দারা।

অন্যদিকে, দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন হয়ে রয়েছে দাঁতন ও নারায়ণগড় ব্লকের বেশ কিছু এলাকা। নদী ও খালের জল উপচে পড়েছে বসতি এলাকায়, সেই জলে ডুবেছে সবকিছু। রাস্তাঘাটে পথ চলতি মানুষজনের ঝুঁকি নিয়ে চলছে যাতায়াত। খাকুড়দার বিখ্যাত হাটের চালাগুলিও ডুবে গিয়েছে জলে।

