সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২ জানুয়ারি: করোনা পরিস্থিতি মোকাবিলার জন্য বনগাঁ মহকুমা হাসপাতালে দুটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নিয়েছিল স্বাস্থ্য দপ্তর। প্ল্যান্ট দুটি তৈরীর জায়গা চিহ্নিত করা হয়ে ছিল। কিন্তু তারপর প্রায় ৭ মাস কেটে গেলেও কাজের কোনো অগ্রগতি হয়নি। নতুন করে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় আতঙ্ক ছড়িয়েছে বাসিন্দাদের মধ্যে।
বাসিন্দাদের বক্তব্য, করোনা রোগীদের জন্য অক্সিজেনটা খুব জরুরি। নতুন করে ফের করোনা সংক্রমণ বাড়ছে৷ অথচ অক্সিজেন প্ল্যান্ট তৈরির কাজ শুরু হয়েও বন্ধ হয়েছে। দ্রুত প্ল্যান্টগুলি তৈরির দাবি জানিয়েছেন তারা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বনগাঁ মহকুমায় প্রায় ১৩ লক্ষ মানুষ বাস করেন৷ ২০২১ এর শুরুতে রাজ্যে করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকে। বনগাঁ মহকুমাতেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক হয়। এরপরই বনগাঁ মহকুমা হাসপাতালের একটি বিল্ডিংকে করোনা ওয়ার্ড করে সেখানে করোনা রোগী ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছিল স্বাস্থ্য দপ্তর। করোনা রোগীর সংখ্যা বাড়তে থাকায় অক্সিজেনের চাহিদা বাড়ে হাসপাতালে। এরপরই পরিস্থিতি মোকাবিলার জন্য দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে দুটি অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য দপ্তর। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার মাধ্যমে ৫০০ লিটারের একটি সুপার স্পেশালিস্ট হাসপাতালের জন্য ও আরেকটি সাধারণ হাসপাতালের জন্য অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জায়গা চিহ্নিত করা হয়। এজেন্সির পক্ষ থেকে এলাকাটি ঘুরেও দেখা হয়। কিন্তু তারপর থেকে কাজের অগ্রগতি আর দেখা যায়নি৷

এ বিষয়ে বনগাঁ মহকুমা হাসপাতাল সুপার শঙ্কর প্রসাদ মাহাতো বলেন, “প্রথমে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া করবে বলে ঠিক হয়। তারা পরিদর্শন করে যায়। তারপর অর্ডারটি চেঞ্জ হয়৷ পিএইচই করবে বলে ঠিক হয়। তারাও দেখে যায়৷ কাজ কিছুটা এগিয়ে যায়। ফের নতুন করে আবার অর্ডার হয় ওই কাজটি এমএসসিএল করবে৷ এভাবে বিভিন্ন সময় হাতবদলের জন্য কাজটিতে দেরি হয়ে গিয়েছে। তবে কাজটি চলছে”।

