স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২০ সেপ্টেম্বর: করোনা আতঙ্কের মধ্যেই তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আতঙ্কে সকলে। জেলার বেথুয়া ডহরিতে বেশ কয়েকজন শিশুর মায়েরা তাদের বাচ্চাদের এক সপ্তাহ থেকে এক মাস ধরে জ্বর না সারায় যথেষ্ট চিন্তিত। এরই মধ্যে নদিয়া জেলার অপরপ্রান্তে রানাঘাট থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ধরা পড়লো সোয়াইন ফ্লু।

স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, একজন নয় দু’জন নয় ৭ জন আক্রান্ত। ১৪ সেপ্টেম্বর থেকে পরিবারের সদস্যদের সোয়াইন ফ্লু ধরা পড়ে। তারপর থেকেই স্বাস্থ্য দপ্তর থেকে নিয়মিত তাদের খোঁজ খবর রাখা হচ্ছে বলে জানা যায়। তবে আক্রান্তরা এখন অনেকটাই সুস্থ বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর। কিন্তু যথেষ্ট চিন্তায় রয়েছেন, এলাকাবাসীরা। স্বাস্থ্যকর্মীরাও বিশেষ ভাবে নজর দিয়েছেন বিষয়টিকে।


