কুমারেশ রায়, মেদিনীপুর, ২১ জুন: ঘূর্ণিঝড় যস, তার কিছুদিন পরেই বন্যা। মাথায় হাত কৃষকদের। প্রতিবছর রুটিন কর্মসূচির মতো এই বছরেও ঘাটাল বন্যা প্লাবিত, ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা। খরার পুরসভার চারটি ওয়ার্ড জলমগ্ন। ওই এলাকায় তিল চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। তিল, ধান, সবজি চাষের ক্ষতি হয়েছে মহাকুমার বিভিন্ন অংশে।
কৃষকরা জানালেন, মাঠের তিল মাঠেই নষ্ট হয়েছে। কেউ সামান্য কিছু বাঁচাতে পারলেও বেশিরভাগটাই মাঠে বন্যার জলে নষ্ট হয়ে গিয়েছে। চাষ করতে যে অর্থ খরচ হয়েছে তা ওঠার কোনও আশা নেই। অনেকেই ধার দেনা করে চাষ করেছিলেন, সেই দেনা শোধ করবেন কী করে সেই কথা ভেবে চিন্তাগ্রস্থ হয়ে পড়েছেন কৃষকরা।

একদিকে তিল চাষ নষ্ট হয়েছে, সবজি চাষ নষ্ট হয়েছে, অন্যদিকে ধানের দাম নেই। সব মিলিয়ে কৃষকরা ব্যাপক আর্থিক লোকসানের মুখে পড়েছেন। এখনও পর্যন্ত সরকারের তরফে চাষের ক্ষয়ক্ষতির জন্য কোনও আর্থিক সহায়তার কথা ঘোষণা করা হয়নি। কৃষকরা চাইছেন সরকার তাদের কথা ভাবনা চিন্তা করে কিছু আর্থিক সহায়তা ঘোষণা করুক।

