আমাদের ভারত, ১৩ ফেব্রুয়ারি: এশিয়ার সবচেয়ে বড় বিমান প্রদর্শনীতে যোগ দিয়েছে ৯৮ টি দেশ। বেঙ্গালুরুতে অ্যারো ইন্ডিয়া ২০২৩ এর সূচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে উঠছে দেশ। আগে আধুনিক অস্ত্র বিদেশ থেকে আমদানি করা হতো। এখন ভারতেই সমরাস্ত্র তৈরি হচ্ছে। বেঙ্গালুরুর আকাশ নতুন ভারতের শক্তি দেখলো।
প্রতিরক্ষা ক্ষেত্রে ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে দেশের শক্তিকে তুলে ধরতে বেঙ্গালুরুর ইলাহানকা এয়ারবেসে পাঁচ দিনব্যাপী অ্যারো ইন্ডিয়া ২০২৩- এর আয়োজন হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী মোদী ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কর্নাটকের মুখ্যমন্ত্রী বাসব রাজ বোম্মাই।
মূলত দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধাস্ত্র এবং যুদ্ধ বিমানের প্রদর্শনীর জন্য এই অনুষ্ঠানের আয়োজন করে প্রতিরক্ষা মন্ত্রক। এবার ছিল অ্যারো ইন্ডিয়ার চতুর্দশ সংস্করণ।
অনুষ্ঠানের উদ্বোধন করে মোদী বলেন, প্রতিরক্ষা ও মহাকাশ ক্ষেত্রে দেশের শক্তিকে তুলে ধরার ভালো মঞ্চ অ্যারো ইন্ডিয়া। আজ বেঙ্গালুরুর আকাশ নতুন ভারতের শক্তির সাক্ষী থাকছে। মোদীর আরো দাবি, গোটা বিশ্বের আস্থা বাড়ছে ভারতের উপর। এই অনুষ্ঠানে অসংখ্য দেশের উপস্থিতি সেটা প্রমাণ করছে। ভারতের উপর বিশ্বের যে আস্থা বৃদ্ধি পেয়েছে সেই বিষয়ে তথ্য তুলে ধরতে গিয়ে মোদি জানান, এবার অ্যারো ইন্ডিয়ায় বিভিন্ন দেশের ৭০০-র বেশি প্রতিনিধি যোগ দিয়েছেন, যা আগের বছরগুলির রেকর্ড ভেঙে দিয়েছে। প্রধান মন্ত্রী বলেন, শুধু প্রতিরক্ষায় নয় বাণিজ্য ক্ষেত্রেও অংশীদার হয়ে উঠছে ভারত। মোদীর মতে এই সবটাই আত্মনির্ভর আদর্শকে প্রমাণ করছে।
অ্যারো ইন্ডিয়ার প্রদর্শনী অনুষ্ঠানে বিভিন্ন দেশের সঙ্গে প্রায় ২৫১ টি মৌ সাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। টাকার অঙ্কে যা প্রায় ৭৫ হাজার কোটির কাছাকাছি।

