আমাদের ভারত, ১০ নভেম্বর: মোদীর ভোকাল ফর লোকাল আহ্বানে ব্যাপক সাড়া দেশবাসীর। উৎসবের কেনাকাটায় চিনা পণ্যের বদলে দেশীয় পণ্যকেই প্রাধান্য দিচ্ছেন দেশবাসী। আর এরফলে দীপাবলির আগে বড়সড় ধাক্কা খেলো চিনের অর্থনীতি। তাদের জন্য প্রায় এক লক্ষ কোটি টাকার এই ধাক্কা এসেছে ভারতের তরফ থেকেই।
উৎসবের মরশুমে ভারত এবছর জোর দিয়েছে দেশি পণ্যে। বাতিল করেছে সস্তা চিনা পণ্য। দুর্গা পুজো, দীপাবলি, ধনতেরাস সব ক্ষেত্রেই ছবিটা এক। দেশের জিনিস কিনছেন দেশের মানুষ। এর ফলে দেশের অর্থ থাকছে দেশের বাজারে। কেন্দ্রীয় সরকারের দাবি, মোদীর ভোকাল ফর লোকাল এবং মেড ইন ইন্ডিয়া তত্ত্বে জোর দিচ্ছে দেশের মানুষ। বণিক সভাগুলির দেওয়া তথ্য থেকে দেখা যাচ্ছে এ বছর ভারতের ধনতেরাস উৎসবে ব্যবসা হয়েছে ৫০ হাজার কোটির। আর এই সবটাই হয়েছে দেশীয় পণ্যের। প্রতিবছর এই উপলক্ষে শুধু সোনা, রুপোর জিনিস নয়, নানা রকম জিনিসপত্র
কেনাকাটা হয়ে থাকে। তার মধ্যে রয়েছে বৈদ্যুতিক এবং বৈদ্যুতিন যন্ত্রপাতিও। প্রতি বছর দিল্লির বিভিন্ন বাজার যেমন চাঁদনী চক, ভাগীরথ মার্কেট সহ অন্যান্য বাজারে অজস্র চীনা পণ্যে ভর্তি থাকে। কেনাকাটাও চলে।
কিন্তু এবার গয়না, বাসনপত্র গাড়ি সব ক্ষেত্রে চীনা পণ্যকে পিছনে ফেলে ভারতে তৈরি জিনিসের বিক্রির রমরমা দেখা গেছে সমস্ত বাজারে। মহিলা ব্যবসায়ীদের ব্যবসা এবছর ভালো বৃদ্ধি পেয়েছে বলে জানাগেছে। বণিক সভার তরফে দাবি করা হয়েছে, দেশের মানুষ চীনা পন্যকে প্রত্যাখান করতেই বৃদ্ধি পেয়েছে দেশীয় বাজারে বাণিজ্য।

