আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ২০ জুলাই: তমলুক থানায় নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল পুলিশ।
গতকাল বিজেপির পক্ষ থেকে তমলুকের নিমতৌড়িতে এসপি অফিসের সামনে বিভিন্ন দাবি নিয়ে একটি বিক্ষোভ সভা হয়। এই সভা মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী নাম না করে পূর্ব মেদিনীপুর জেলার এসপিকে হুমকি দেন। সভামঞ্চে থেকে শুভেন্দু অধিকারী নাম না করে বলেন, এমন কাজ করবেন না যাতে কাশ্মীরের অনন্তনাগ বা বারামুল্লায় গিয়ে কাজ করতে হয়। তিনি আরও বলেন, আপনাদের হাতে রাজ্যের সরকার থাকলে আমাদের হাতেও কেন্দ্রের সরকার আছে। এইসব কথাগুলির উপর ভিত্তি করে একাধিক ধারায় তমলুক থানায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করা হয়েছে।

তমলুক থানার আইসি অরূপ সরকারের করা এই স্বতঃপ্রণোদিত মামলায় বেশ কিছু ধারা দেওয়া হয়েছে।
যেগুলির মধ্যে উল্লেখযোগ্য হল- ১)সরকারি কাজে বাধা দেওয়া, ২)বিধি ভেঙে জমায়েত, ৩) এসপিকে হুমকি ও ৪)ফোনে আড়িপাতা সহ একাধিক ধারা দেওয়া হয়েছে। যার মধ্যে কিছু ধারা জামিনযোগ্য এবং কিছু কিছু জামিন অযোগ্য ধারা আছে। এই স্বতঃপ্রণোদিত মামলা শুভেন্দু অধিকারী ছাড়াও সভায় উপস্থিত বিজেপির পূর্ব মেদিনীপুরের বিধায়কদের এবং বিজেপির তমলুক ও কাঁথি সাংগঠনিক জেলার দুই সভাপতি এবং একাধিক সহ-সভাপতি সহ বিজেপির মোট ১৫ জন নেতা ও ২০০ জন কর্মীর বিরুদ্ধে এই মামলা করা হয়েছে। এই মামলার খবর জানাজানি হতেই রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


