ভাঙ্গা’পা দেখে মানুষ যেখানে ভোট দিয়েছে সেখানে দুয়ারে ধর্ষণ পৌঁছে গেছে- দিলীপ

জয় লাহা, দুর্গাপুর, ১২ মে: “যেদেশটাকে উন্নত বলা হত। সেই শ্রীলঙ্কা আজ পরিবারবাদে দেউলিয়া হয়ে গেছে। খেতে পাচ্ছে না সেখানের মানুষ। একইভাবে দুর্নীতি আর অপশাসনের জন্য বাংলার মানুষ হাহাকার করছে। ভাঙ্গা’পা দেখে যেখানে ভোট দিয়েছে সেখানে দুয়ারে ধর্ষণ পৌঁছে গেছে। বুধবার দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে এসে রাজ্যে তৃণমূল সরকারকে এভাবেই আক্রমণ করলেন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার প্রতিবাদে বিক্ষোভ ও মহামিছিল কর্মসূচি নিয়েছে বিজেপি। বুধবার ছিল দুর্গাপুরে বিজেপির মহামিছিল। মিছিলে সামিল ছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার ও সর্ব ভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ প্রমুখ। কয়েকদিন আগে দুর্গাপুরে এক দলীয় কর্মীর বাবা খুন হয়। এদিন ওই পরিবারের হাতে বিজেপির পক্ষ থেকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়। 
এদিন দিলীপ ঘোষ রাজ্যের তৃণমূল সরকারকে কড়া আক্রমন করে বলেন, “দুর্নীতি আর অপশাসনে ভরে গেছে। কয়লা পাচার, গরু পাচার, বালি পাচার, সিন্ডিকেটরাজ চলছে। দান খয়রাতি করে
৫০০ টাকা দিয়ে পার্টির লোকের জন্য রাজ্যটা দেউলিয়া হতে বসেছে।”

তিনি বলেন, “রাজ্যে নতুন কারখানা হয়নি। উল্টে তৃণমূলের তোলাবাজিতে বন্ধ হয়েছে। নতুন করে কেন শিল্পপতি বিনিয়োগ করছে না? স্কুলে শিক্ষক নেই। স্কুল বন্ধ। রাজ্যের ৪৫ লক্ষ পরিযায়ী শ্রমিক অন্যরাজ্যে কাজের জন্য গেছে। স্কুল বন্ধ রেখে ছেলেমেয়ের ভবিষ্যত নষ্ট করছে। পড়াশোনা না করে রাজ্যের ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে গুজরাটে কাজ করতে যাবে।” তিনি আরও বলেন,” যেদেশটাকে উন্নত বলা হত। সেই শ্রীলঙ্কা আজ পরিবারবাদে দেউলিয়া হয়ে গেছে। খেতে পাচ্ছে না সেখানের মানুষ। আর এখানেও একইরকম পরিবারবাদ চলছে। দিদির ভাই, ভাইপোরা লুটে খাচ্ছে। দুর্নীতি আর অপশাসনের জন্য বাংলার মানুষ হাহাকার করছে। ভাঙ্গা’পা দেখে যেখানে ভোট দিয়েছে সেখানে দুয়ারে ধর্ষণ পৌঁছে গেছে।” তিনি বলেন,” দুর্নীতি অপশাসন দূর না হলে, শ্রীলঙ্কার মতো পশ্চিমবাংলার অবস্থা হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *