রাজেন রায়, কলকাতা, ৭ জুন: প্রাথমিক ভাবে মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েও শেষ পর্যন্ত তা বাতিলের সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী ভাবে মূল্যায়ণ হবে, আগামী সাতদিনের মধ্যে ঘোষণা করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। মূলত জনমতকে গুরুত্ব দিয়েই এই সিদ্ধান্ত রাজ্যের।
জনমত যাচাইয়ে বিশেষজ্ঞ কমিটি গড়েছিল স্কুল শিক্ষা দফতর। সাধারণ মানুষ, অভিভাবক ও পড়ুয়াদের মতামত জানতে তিনটি ইমেল আইডিও দিয়েছিল এই কমিটি। সোমবার দুপুর ২টোর মধ্যে সেখানে মতামত জানাতে বলা হয়েছিল।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ৩৪ হাজার জনমত সম্বলিত ইমেল এসেছে। ৮৩ শতাংশ উচ্চ মাধ্যমিক না করার পক্ষে। মাধ্যমিকও চাইছেন না অধিকাংশ। তবে পড়ুয়াদের যাতে কোনও অসুবিধা না হয় তা দেখারও নির্দেশ দেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, মাধ্যমিক-উচ্চমাধ্যমিক ও সিবিএসই-র মূল্যায়ন যেন একই সঙ্গে হয়। পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে অভিভাবক থেকে পরীক্ষার্থীরা অনেকে স্বস্তি পেলেও এতে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কিছু ক্ষতি হবে বলে মনে করছেন শিক্ষাবিদদের অনেকেই।

