নজরে করোনার সেকেন্ড ওয়েভ! ফের হাসপাতালগুলিকে তৈরি থাকার নির্দেশ স্বাস্থ্য দফতরের

রাজেন রায়, কলকাতা, ২২ মার্চ: ভোট মুখি বাংলায় রাজনৈতিক মিছিল মিটিংয়ে ভেঙে গিয়েছে সমস্ত বাঁধ। সেই কারণেই নিয়ন্ত্রণে এসে যাবার পরেও ফের মাথা তুলেছে করোনা। পঞ্চাশোর্ধদের ভ্যাকসিন দেওয়া শুরু হলেও ফের লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।রাজ্যে করোনার উর্ধ্বমুখী গ্রাফচিত্রে রাজ্যের ফের সব হাসপাতালকে তৈরি থাকার নির্দেশ দিল স্বাস্থ্য দফতর।পাশাপাশি কোভিড হাসপাতালগুলিতে বেশ কয়েকটি বিষয়ের ওপর নজর দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

১. অক্সিজেন সিলিন্ডারের ঘাটতি আছে কি না তা দেখতে হবে।
২. পিপিই, মাস্ক-সহ সুরক্ষা সরঞ্জামে যেন ঘাটতি না থাকে।
৩. অনর্থ জরুরি পরিষেবা সুনিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।
৪. কোভিড চিকিৎসায় ব্যবহৃত যন্ত্রপাতি ঠিক আছে কিনা, তা দেখে নিতে হবে।

রাজ্যের মধ্যে সংক্রমণের শীর্ষে এখন ফের কলকাতা। ১৭ থেকে ১৯ মার্চের মধ্যে কলকাতায় মোট নতুন সংক্রমণের সংখ্যা ২৯৮। তার মধ্যে ফুলবাগানে ২৩, বালিগঞ্জে ২৫, ভবানীপুরে ২১, বেহালা-পর্ণশ্রী মিলিয়ে ৩৭। পুরুলিয়ার মানবাজার থেকে ৪৮টি নমুনার মধ্যে ৪৭ জনই পজিটিভ।

ভোট আবহে রাজ্যে করোনার দ্বিতীয় সংক্রমণের ঢেউ আছড়ে পড়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। স্বাস্থ্য অধিকর্তারা আগে থেকেই সতর্ক করছিলেন। তারই মধ্যে চাঞ্চল্যকর তথ্য। স্বাস্থ্য অধিকর্তাদের অনেকেই মনে করছেন, রাজনৈতিক সমাবেশগুলিতে জমায়েত, মিটিং মিছিলে মানা হচ্ছে না কোনও বিধি। শারীরিক দূরত্ব বজায় রাখা হচ্ছে না, মাস্কও পরছেন না কেউ, তাতেই হু হু করে বাড়ছে সংক্রমণ। এক্ষেত্রে মানুষকে সতর্ক হতে হবে। নতুবা ফের বিপদ আসা ঠেকানো যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *