রাজেন রায়, কলকাতা, ২৬ ফেব্রুয়ারি: আলিপুর কোকেন কাণ্ডে এবার আরও কড়া পদক্ষেপ নিলেন লালবাজারের গোয়েন্দারা। বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতারের পর একদিকে যেমন নোটিশ পাঠানো হল শঙ্কুদেব পান্ডা এবং অনুপম হাজরা’কে, ঠিক তেমনই ভিন রাজ্য পাড়ি দিলেন লালবাজারের গোয়েন্দারা। কলকাতা পুলিশ সূত্রের খবর, ইতিমধ্যে ৩টি রাজ্যে তল্লাশি অভিযান শুরু করেছেন লালবাজারের কর্তারা। শুধু তাই নয়, মাদক কাণ্ডের সূত্র খুঁজতে ২৪ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। তার মধ্যে আবার ১২ জনকে জিজ্ঞাসাবাদ পর্বও সেরে ফেলেছেন তাঁরা।
সম্প্রতি ড্রাগকাণ্ডে গ্রেফতার হয়েছেন বিজেপি নেত্রী পামেলা গোস্বামী। এরপরই তাঁকে জেরা করে উঠে আসে বিজেপির আরেক প্রভাবশালী নেতা রাকেশ সিংয়ের নাম। রাকেশকেও গ্রেফতার করেছে পুলিশ।

বিজেপির অভিযোগ, নির্বাচনের আগে ষড়যন্ত্রমূলক পদক্ষেপ করছে রাজ্যের শাসক দল। এদিকে দফায় দফায় পামেলা গোস্বামী ও রাকেশ সিংকে জেরা করে আরও বেশ কিছু প্রভাবশালীর নাম উঠে এসেছে বলে পুলিশ সূত্রের খবর। এর মধ্যে আবার একটি অডিও ক্লিপও হাতে পেয়েছে পুলিশ, এমনটাই দাবি লালবাজারের গোয়েন্দাদের। তার পরেই বিজেপি নেতা শঙ্কুদেব পাণ্ডা ও অনুপম হাজরাকে নোটিশ পাঠিয়েছে লালবাজার।

