অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ১২ মার্চ:
গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলেন এক স্কুল শিক্ষক। শনিবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের তপশিয়া গ্রামে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই স্কুল শিক্ষকের নাম প্রণব ভুঁইঞা। বয়স আনুমানিক ৩৭ বছর। তিনি তপশিয়া বিদ্যাসাগর শিক্ষায়তনে খেলাধুলার শিক্ষক হিসেবে শিক্ষকতা করতেন।
জানা গেছে, দেনার দায়ে মানসিক অবসাদে ভুগছিলেন, তাই এই ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের। এদিন শিক্ষকের বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের মর্গে পাঠিয়েছে বেলিয়াবেড়া থানার পুলিশ। সেই সঙ্গে ওই শিক্ষক কি কারণে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন তা খতিয়ে দেখছে বেলিয়াবেড়া থানার পুলিশ।

