স্কুলের ছাত্র ছাত্রীদের নিম্নমানের পোষাক দেওয়া হচ্ছে, অভিযোগ শিক্ষক সংগঠনের

আমাদের ভারত, ২৪ সেপ্টেম্বর: নিম্নমানের পোষাক পড়ুয়াদের বিলি হচ্ছে বলে জেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছে একটি শিক্ষক সংগঠন। উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ ব্যাপারে চিঠি দিয়েছেনয় পশ্চিম বর্ধমানের জেলাশাসককে।

দরখাস্তে অভিযোগ করা হয়েছে, ছাত্র ছাত্রী প্রতি দু’সেট ইউনিফর্মের দাম হল ৬০০ টাকা। অভিভাবকরা এই টাকায় স্থানীয় বাজার থেকে ভালো মানের পোষাক কিনতে পারতেন। কিন্তু যেটা বিলি করা হয়েছে তা অত্যন্ত নিম্নমানের। “নিকৃষ্ট পলিয়েস্টার/টেরিলিন জাতীয় কাপড়ের জামা ও অতিকর্কশ বস্তা-সদৃশ টিউনিক ও প্যান্ট”। যা সরবরাহ করা হয়েছে, এর দাম বর্তমান বাজার দর অনুযায়ী নাকি ১০০ টাকা অতিক্রম করার কথা নয়।

বিষয়টি নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়েছেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, “এই ইউনিফর্মের কাপড় কেনার সময় যে বিরাট দুর্নীতি হয়েছে তা এবার সামনে এসে গেছে। আগেই শোনা যাচ্ছিল যে ইউনিফর্মের কাপড় অত্যন্ত নিম্নমানের ও ছোট বড় মাপের ইউনিফর্ম বিলি করা হয়েছে ছাত্র ছাত্রীদের। এই অভিযোগে এবার সিলমোহর পড়লো।

ছিঃ ছিঃ পিসি ভাইপোর লোভের কি কোনো সীমা নেই। ছাত্র ছাত্রীদের ইউনিফর্মের থেকে এই ভাবে উপার্জন করতে হবে। আমি আগেই কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী মাননীয় ধর্মেন্দ্র প্রধানজী’কে এই বিষয়ে অবগত করিয়েছি। এবার আমি দাবি জানাবো কোনো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যেনো এই বিপুল দুর্নীতির পর্দা ফাঁস করে। দু’কোটি ইউনিফর্ম বিলি করতে গিয়ে যদি ইউনিফর্ম প্রতি ১৫০-২০০ টাকা করে সরানো হয়ে থাকে তাহলে মোট অঙ্কটা কম নয়!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *