জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ এপ্রিল: এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে স্কুলেরই এক অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে আনন্দপুর থানার পুলিশ। রবিবার অভিযুক্তকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
পুলিশ সূত্রে জানাগেছে, শনিবার বিকেলের পর কেশপুরের বাসিন্দা ওই অস্থায়ী কর্মী শান্তনু পান আনন্দপুর থানা এলাকার জঙ্গলে ছাত্রীটির শ্লীলতাহানি করে। ওই সময় ছাত্রীটি চিৎকার করলে জঙ্গল লাগোয়া গ্রামগুলির বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং অভিযুক্ত শান্তনু পানকে ধরে ফেলেন। খবর দেওয়া হয় আনন্দপুর থানায়।
ছাত্রীটির অভিযোগ, দীর্ঘদিন ধরেই তাকে উত্তক্ত করত তার স্কুলেরই অস্থায়ী কর্মী শান্তনু পান। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে আনন্দপুর থানার পুলিশ শান্তনুকে গ্রেপ্তার করে। রবিবার তাকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হলে বিচারক চারদিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

