১৬ আগস্ট উত্তরপ্রদেশে ও ১ সেপ্টেম্বর রাজস্থানে স্কুল খুলে দেওয়ার সিদ্ধান্ত দুই রাজ্য সরকারের

আমাদের ভারত, ১৩ আগস্ট: সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পুজোর পর রাজ্যের স্কুল কলেজ খোলার ব্যাপারে ভাবনা চিন্তা করছেন তারা। কিন্তু ইতিমধ্যে এই বিষয়ে পদক্ষেপ করেছে বেশকিছু রাজ্য। উত্তরপ্রদেশে আগামী ১৬ আগস্ট থেকে স্কুল খুলছে। ১ সেপ্টেম্বর থেকে স্কুল খুলছে রাজস্থানে।

৫০% পড়ুয়া নিয়ে নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু করা ছাড়পত্র দিয়েছে যোগী সরকার। রাজস্থান সরকারও ১ সেপ্টেম্বর থেকে স্কুল, কলেজ-বিশ্ববিদ্যালয়, কোচিন ইনস্টিটিউট খোলার সিদ্ধান্ত নিয়েছে। সেখানেও একই ভাবে ৫০% পড়ুয়া নিয়ে ক্লাস শুরু করার কথা জানিয়েছে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর।

রাজস্থান সরকারের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, অন্তত একটি টিকা নেওয়া থাকলে তবেই স্কুল চত্বরে প্রবেশ করতে পারবেন শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। শারীরিক দূরত্ব বজায় রাখার মত কোভিডবিধি যথাযথভাবে মেনে চলতে হবে। ক্লাস শুরুর আগে সকালের প্রার্থনার জন্য পড়ুয়াদের জমায়েতে নিষেধাজ্ঞা জারি হয়েছে।

কবে কিভাবে স্কুল খোলা হবে সে বিষয়ে আলোচনা করতে একটি আন্তঃ মন্ত্রক কমিটির গঠন করেছে রাজস্থান সরকার। এই কমিটির সুপারিশ মেনেই ১ সেপ্টেম্বর থেকে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটির জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, পড়ুয়াদের স্কুলে ডাকার আগেই তাদের বাবা-মা তথা অভিভাবকের সম্মতি অত্যন্ত জরুরী। তারা রাজি থাকলে তবে স্কুলে আসতে পারবে পড়ুয়ারা। যারা স্কুলে আসতে ইচ্ছুক নয় তাদের জন্য অনলাইনেই ক্লাস চলবে অফলাইন ক্লাসের সাথে। করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কায় এখনো পর্যন্ত অনেক বাবা-মা তাদের সন্তানদের স্কুলে পাঠাতে রাজি নন। অনেক অভিভাবক বলছেন,”তৃতীয় ঢেউয়ের ভয়ে আছি। এখনই ছেলে মেয়েকে স্কুলে পাঠাতে চাই না। আরো কয়েক মাস দেখি তারপর সিদ্ধান্ত নেবো”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *