পুজোর ছুটির পর রাজ্যে স্কুল খুলবে, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমাদের ভারত, ৫ আগস্ট: দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ রয়েছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অন্যান্য বেশ কয়েকটি রাজ্য ইতিমধ্যেই স্কুল খোলার সিদ্ধান্ত নিলেও পশ্চিমবঙ্গ সরকার এখনও সেই পথে হাঁটেনি। কিন্তু বিরোধী দলগুলো স্কুল খোলার দাবি করেছে। কবে থেকে রাজ্যে স্কুল কলেজ খুলবে, আজ নবান্নে মুখ্যমন্ত্রীকে সেই প্রশ্ন করতেই তিনি বলেন, পুজোর ছুটির পর রাজ্যে স্কুল, কলেজ খোলার চিন্তা ভাবনা হচ্ছে।

পুজোর পরে পর্যায়ক্রমে স্কুল খোলার চিন্তাভাবনা রয়েছে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একদিন অন্তর একদিন স্কুল খোলার চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি। খুব শীঘ্রই করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়তে পারে। তাই তৃতীয় ঢেউ মোকাবিলার রূপরেখা তৈরি করতে আজ নবান্নে বৈঠক হয় মুখ্যমন্ত্রী উপস্থিতিতেই। এই বৈঠকে উপস্থিত ছিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।

বৈঠক শেষে মুখ্যমন্ত্রী বলেন, কোভিড মোকাবিলায় রাজ্যের তৈরি গ্লোবাল অ্যাডভাইসারি কমিটি ইতিমধ্যেই ৬৫টি বৈঠক করে ফেলেছে। আজ ছিল ৬৬তম বৈঠক।

এই বৈঠকের পর সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,
পুজোর ছুটি শেষ হলে স্কুল খুলবে। আপাতত একদিন অন্তর স্কুল খোলা হবে। তবে কোন কোন শ্রেণির ছাত্ররা স্কুলে আসবে, তার কোনো পরিকল্পনা হয়নি। কথাবার্তা চলছে অচিরেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

কিন্তু স্কুল খুললেও ছোটরা কি স্কুলে যেতে পারবে, নাকি আগের মতই ধাপে ধাপে খোলার চেষ্টা করা হবে? বিশেষত কোভিডের তৃতীয় ঢেউতে যখন ছোটদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কা নিয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতেই তিনি স্পষ্ট বুঝিয়ে দেন, এখনো বিষয়টি নিয়ে চিন্তাভাবনা চলছে। তবে সিদ্ধান্তের কথা জানানো হবে শিশুস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়েই।

প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘন্টায় রাজ্যে ৮২৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১০জনের। সুস্থ হয়েছেন ৮৩৮ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *