৩ ফেব্রুয়ারি থেকে খুলছে রাজ্যের স্কুল, কলেজ বিশ্ববিদ্যালয়, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আমাদের ভারত, ৩১ জানুয়ারি:অবশেষে আগামী ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে স্কুল খোলার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি ওই দিন থেকেই রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলোতেও অফলাইনে পঠন-পাঠন শুরু হওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, তাই আগামী তিন তারিখ থেকে রাজ্যে স্কুল খুলে দেওয়া হচ্ছে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অফলাইনে ক্লাস হবে। পঞ্চম থেকে সপ্তম পর্যন্ত পাড়ায় পাড়ায় শিক্ষালয় চলবে।

আগামী ৪ ও ৫ ফেব্রুয়ারি স্কুলগুলিতে সরস্বতী পূজার ছুটি রয়েছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন, আগের দিন স্কুল খুলে গেলে পড়ুয়ারাও সময় পাবে। তারা সরস্বতী পুজোর জন্য আয়োজন করতে পারবে। প্রতিটি শিক্ষায়তন এই পুজোর আয়োজন করা হবে। নবান্ন থেকে রাজ্যসরকারের স্টুডেন্ট ইন্টার্ণশিপ প্রগ্রাম ২০২২ শুরুর কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, যারা বাংলায় বাস করেন এবং স্নাতক পাস করেছেনএবং ৬০শতাংশ নম্বর পেয়েছেন তারা এই স্কিমে আবেদন করতে পারবেন। ৪০ বছরের কম বয়সীরা আবেদন করতে পারবেন। আমরা বছরে ছয় হাজার টাকা ইন্টার্ন দেবো। তাদের সরকারি প্রকল্পগুলি সঙ্গে পরিচিত করাব। সামাজিক সেবা শিখবে তারা।১ বছর করে দেওয়া হবে ইন্টার্নশিপ। ভালো কাজ করলে আরও সময়সীমা বাড়ানো হবে। যাদের বাছাই করা হবে ইন্টার্নশিপের জন্য তারা বিভিন্ন সরকারি দপ্তর, ব্লক,অফিস, জেলা অফিসে কাজ করার সুযোগ দেওয়া হবে। যে যেই এলাকায় বাস করে তাকে সেখানকার অফিসেই কাজ দেওয়া হবে। ইন্টার্নশিপের শেষে একটা সার্টিফিকেট দেওয়া হবে। উন্নততর মানুষ তৈরীর লক্ষ্যে এই পদক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বেশ কিছুদিন ধরেই রাজ্য স্কুল-কলেজ খোলার দাবিতে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছে রাজ্যের বিরোধী দলগুলোর ছাত্র সংগঠনগুলো। এমনকি বিরোধী নেতারাও স্কুল কলেজ খোলার জন্য সরব হয়েছেন। ইতিমধ্যে এসএফআই এবিভিপি স্কুল খোলার দাবিতে একাধিক বিক্ষোভ প্রদর্শন করেছে। ছাত্র সংগঠনগুলোর করর্মসূচীর জেরে কার্যত স্তব্ধ হয়ে পড়েছিল বিকাশ ভবন কলেজস্ট্রিট। সরকারের উপর চাপ বাড়াতে বিকাশ ভবন অভিযানের ডাক দিয়েছিল এবিভিপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *