আমাদের ভারত, হুগলী, ১৪ সেপ্টেম্বর: হুগলীর বলাগড় ব্লকের জিরাটে একটি বেসরকারি ইংলিশ মিডিয়াম স্কুল শিশু শিক্ষা নিকেতনে করোনা পরিস্থিতির মধ্যে মার্চ মাস থেকে আগস্ট মাস পর্যন্ত ৬ মাসের স্কুলের বকেয়া বেতন দিতে হবে ছাত্র-ছাত্রীদের। এই কথা অভিভাবকদের ফোনে জানাতেই তড়িঘড়ি অভিভাবকরা স্কুলের সামনে এসে বিক্ষোভ দেখান।

অভিভাবকদের দাবি, তারা ছয় মাসের স্কুলের বকেয়া বেতন দিতে পারবেন না। এই পরিস্থিতিতে ১ ঘন্টা বিক্ষোভ দেখানোর পর স্কুল কর্তৃপক্ষ সমস্যা সমাধানের জন্য বসেন অভিভাবকদের নিয়ে। শেষ পর্যন্ত অভিবাবকদের কথা মেনে নিলেন স্কুল কর্তৃপক্ষ। তারা মার্চ মাস থেকে অগাস্ট মাস পর্যন্ত ছয় মাসের স্কুলের বকেয়া বেতন মকুব করে দিলেন। আর সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত অর্ধেক বেতন দিতে হবে বলেও জানান। স্কুল কর্তৃপক্ষের দাবিও অভিভাবকরা মেনে নেন। যেখানে করোনা পরিস্থিতির মধ্যে নুন আনতে পান্তা ফুরায় মানুষের, সেই জায়গায় দাঁড়িয়ে যেসব বেসরকারি স্কুল রয়েছে তাদের এই খামখেয়ালি পদক্ষেপে রাজ্য সরকার হস্তক্ষেপ করুক আশায় অভিভাবকরা।


