জরুরি অবস্থার সমান পরিস্থিতি! অক্সিজেন সরবরাহ, টিকাকরণে কেন্দ্রকে ‘জাতীয় পরিকল্পনা’ গ্রহণের নির্দেশ সুপ্রিম কোর্টের

আমাদের ভারত, ২২ এপ্রিল: দেশে ব্যাপক হারে বেড়ে চলেছে করোনা সংক্রমণ। প্রায় জরুরি অবস্থার সমান পরিস্থিতি উপস্থিত দেশের সামনে। তাই এই পরিস্থিতি মোকাবিলায় অক্সিজেন সরবরাহ, টিকাকরন সহ চারটি বিষয়ে কেন্দ্রকে একটি নির্দিষ্ট জাতীয় পরিকল্পনা দেওয়ার নির্দেশ দিল দেশের সর্বোচ্চ আদালত।

অত্যাবশ্যকীয় ওষুধের ক্ষেত্রেও কেন্দ্র সরকারকে একটি নির্দিষ্ট পরিকল্পনা নেওয়ার কথা বলেছে সুপ্রিম কোর্ট। আদালতের তরফে কেন্দ্রকে এই নিয়ে একটি নোটিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে দেশের শীর্ষ আদালতে মামলা দায়ের করেছে। শুক্রবার এই মামলার শুনানি রয়েছে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেছেন, “আমরা এই বিষয়ে কেন্দ্রের কাছে একটি জাতীয় পরিকল্পনা দেখতে চাই। আমাদের প্রধানত চারটে বিষয়ে জানার রয়েছে। বিষয়গুলি হল অক্সিজেন সরবরাহ, অত্যাবশ্যকীয় ওষুধের সরবরাহ, টিকা করনের পদ্ধতি ও পরিকল্পনা। এই অবস্থা জাতীয় জরুরি অবস্থার সমান। রাজ্যের সমস্যা নিয়ে পর্যালোচনা ক্ষেত্রেও নিজেদের হাতে ক্ষমতা রাখতে চাইছি আমরা।”

প্রধান বিচারপতি আরও বলেন, ইতিমধ্যেই দিল্লি, বোম্বে, সিকিম, মধ্যপ্রদেশ, কলকাতা হাইকোর্টে এলাহাবাদ হাইকোর্টের মামলা চলছে। বর্তমানে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই সুপ্রিম কোর্ট এই ঘটনায় পদক্ষেপ করবে। কেন্দ্র অবশ্য এক্ষেত্রে জানিয়েছে ২৪ এপ্রিল শনিবার থেকে ১৮ বছরের উর্ধ্বে টিকাকরনের জন্য নাম নথিভুক্তকরণ এর কাজ শুরু হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *